১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ
অনলাইন নিউজ ডেক্স
১০ নভেম্বর থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত দেশের ৪০টি জেলায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখা কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গ্রামীণ ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিপালন বিভাগের এক ‘নোটে’ এ চিত্র উঠে এসেছে। এসব ঘটনার মধ্যে ৩৩টি ক্ষেত্রে পেট্রল ঢেলে বা ছিটিয়ে আগুন দেওয়া হয়েছে এবং ২৩টি ঘটনায় পেট্রলবোমা বা ককটেল নিক্ষেপ করা হয়েছে। হামলার ঘটনায় সর্বোচ্চ আটটি গোপালগঞ্জ জেলায় এবং দ্বিতীয় সর্বোচ্চ ৬টি গাজীপুর জেলায় ঘটেছে।
বিজ্ঞাপন
ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার ও গতকাল বুধবার সর্বোচ্চ ৪৯টি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে গত মঙ্গলবার ১৯টি এবং গতকাল দিবাগত রাতে ৩০টি হামলা ও অগ্নিসংযোগের ঘটনা রেকর্ড করা হয়েছে। এছাড়া ১০ নভেম্বর আটটি, ১১ নভেম্বর চারটি, ১৪ নভেম্বর দুটি, ১৫ নভেম্বর ছয়টি, ১৬ নভেম্বর একটি এবং ১৭ নভেম্বর দুটি হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। যেসব দিনে এসব ঘটনা ঘটেছে, সেসব দিনে নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের কর্মসূচি ছিল বলে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে।
শাখা কার্যালয়ের পাশাপাশি সিলেটের আঞ্চলিক ও জোনাল কার্যালয়, রাজশাহী ও বরিশালের আঞ্চলিক কার্যালয় এবং গাজীপুরের শ্রীপুর আঞ্চলিক কার্যালয়েও হামলার ঘটনা ঘটেছে। ব্যাংকটির নিজস্ব নিরীক্ষায় উল্লেখ করা হয়েছে, সাতটি ঘটনায় হামলাকারীরা কার্যালয়ে আগুন দেওয়া বা প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এছাড়া তিনটি ঘটনায় লাঠির মাথায় কাপড় পেঁচিয়ে আগুন, দুটি ঘটনায় কেরোসিন ব্যবহার, একটি ঘটনায় পেট্রল ঢেলে টায়ারে আগুন এবং একটি ঘটনায় পাথর নিক্ষেপ করা হয়েছে।
হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় সাতটি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং একটি ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। ৪৮টি ঘটনায় থানায় কোনো জিডি বা অভিযোগ করা হয়নি, তবে ১২টি ঘটনায় জিডি প্রক্রিয়াধীন রয়েছে। এসব ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়ে ব্যাংক কর্তৃপক্ষ বলেছে, এটি কেবল আর্থিক প্রতিষ্ঠানের অবকাঠামোর ওপর আঘাত নয়, বরং দরিদ্র মানুষের জীবন-জীবিকা ও আস্থার ওপর আঘাত।
গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ব্যাংকটি কোনো ব্যক্তি, পরিবার বা গোষ্ঠীর মালিকানাধীন নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাংকের মালিকানা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে ব্যাংক কর্তৃপক্ষ উল্লেখ করেছে। তারা আশা প্রকাশ করেছে, এসব ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং ব্যাংকের কর্মকর্তা, কর্মচারী ও সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
