টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি
অনলাইন নিউজ ডেক্স
গোপালগঞ্জ জেলা সদর থেকে টুঙ্গিপাড়া যাওয়ার পথে ঘোনাপাড়া মোড় পার হতেই সড়কে গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে রাখা হয়েছে। বুধবার সকাল আটটার চিত্র অনুযায়ী, গোপালগঞ্জ-পাটগাতী সড়কের নীলফা বাজার এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তিনটি পুড়ে যাওয়া গাড়ির ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা যায়। সেখান থেকে কিছুটা দূরে কিমাডাঙ্গা মোড়ে অন্তত ৫০০ মিটার এলাকাজুড়ে গাছের গুঁড়ি ফেলে রাখা হয়েছে।
বিজ্ঞাপন
গত মঙ্গলবার সন্ধ্যার পর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন। একপর্যায়ে তাঁরা থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল টুঙ্গিপাড়া থানার নতুন ওসি যোগদানের পর একজনকে গ্রেপ্তার করে থানায় আনা হলে এলাকায় মাইকিং করা হয়। এরপরই স্থানীয় লোকজন ও আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়ো হয়ে হামলা চালান এবং থানার ভেতরে থাকা পুলিশের নয়টি গাড়িতে আগুন দেন।
সরেজমিনে দেখা যায়, থানার ফটকের বাঁ পাশে থাকা পুলিশের একটি গাড়ি থেকে তখনো ধোঁয়া বের হচ্ছিল। এছাড়া থানা চত্বরে থাকা আরও কয়েকটি গাড়ি ও ভ্যানের ধ্বংসাবশেষ পড়ে আছে। ভবনের ভেতরে কর্মকর্তাদের কক্ষে আসবাব, কম্পিউটার ও সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেছে। ডিউটি অফিসারের কক্ষের ডেস্কটপ ভাঙা, হাজতখানার দুটি কক্ষের তালা ও দরজা খোলা এবং ওসির পাশের কক্ষেও ব্যাপক ভাঙচুরের চিহ্ন রয়েছে। দোতলায় পুলিশ ব্যারাকের মেঝেতে পোশাক, তোশক ও কম্বল ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়, যেখানে এসআই পদমর্যাদার দুই কর্মকর্তা অবশিষ্ট কোনো মালামাল খুঁজছিলেন।
থানার দক্ষিণ পাশে পুলিশ মেসের সামনে ১০ থেকে ১৫টি ব্যাটারিচালিত ভ্যানে করে পুলিশ সদস্যদের মালামাল নিয়ে চলে যেতে দেখা যায়। এ সময় দুজন ব্যক্তি তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করেন। এদিকে থানায় হামলা, ভাঙচুর এবং সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার পর গোপালগঞ্জ জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারা ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন ও ক্যামেরার মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
