মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে
অনলাইন নিউজ ডেক্স
একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ও ফরাসি ঔপন্যাসিক অঁদ্রে মালরোর প্রয়াণের ৫০তম বার্ষিকী স্মরণে ঢাকায় শুরু হচ্ছে ফরাসি সপ্তাহ। বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে মঙ্গলবার তাঁর বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই উৎসবের ঘোষণা দেন। আগামী ২১ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ৯ দিনব্যাপী এই আয়োজন চলবে।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে জানান, অঁদ্রে মালরোকে স্মরণ করার পাশাপাশি ফরাসি সংস্কৃতিকে বাংলাদেশিদের কাছে পরিচিত করে তোলাই এই সপ্তাহের মূল লক্ষ্য। তিনি বলেন, \'ফ্রান্স ও বাংলাদেশ ঘনিষ্ঠ অংশীদার। দুই দেশের সম্পর্ক সমৃদ্ধ ও দীর্ঘদিনের। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পাশে দাঁড়িয়েছে ফ্রান্স।\' রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন, অঁদ্রে মালরো ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রণাঙ্গনে যুদ্ধ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। মালরোর প্রয়াণের ৫০তম বার্ষিকীর এই সময়ে তিনি যে পদচিহ্ন রেখে গেছেন, সেটিই স্মরণ করা হচ্ছে।
ফ্রান্সের নন্দিত সাহিত্যিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব অঁদ্রে মালরো একাত্তরে স্বাধীনতা আন্দোলনের পক্ষে বৈশ্বিক জনমত তৈরিতে সরব ছিলেন, যা বাংলাদেশ-ফ্রান্স সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি ১৯৭৩ সালের এপ্রিলে বাংলাদেশ সফর করেন এবং তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। সে সময় তিনি রাজশাহী, চট্টগ্রাম ও কাপ্তাই ভ্রমণ করেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক ডি. লিট ডিগ্রি প্রদান করে। শোষিত মানুষের পক্ষে অবস্থানের পাশাপাশি ফ্রান্সের প্রথম সংস্কৃতিমন্ত্রী হিসেবে ১৯৫৯ সালে অঁদ্রে মালরোর দায়িত্ব নেওয়ার কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, \'ফরাসি সংস্কৃতির উদ্যাপন আমাদের কাছে গুরুত্বপূর্ণ। একই সঙ্গে সেই সংস্কৃতি অন্যদের কাছে পরিচিত করাটাও গুরুত্বপূর্ণ।\'
ঢাকায় ফ্রান্স দূতাবাস জানিয়েছে, ফরাসি সপ্তাহ উপলক্ষে শহরের বিভিন্ন ভেন্যুতে শিল্প, ইতিহাস ও রন্ধনশিল্প নিয়ে নানা আয়োজন থাকবে। এই আয়োজনে সহযোগী হিসেবে থাকছে মুক্তিযুদ্ধ জাদুঘর, আলিয়ঁস ফ্রঁসেজ, আর্টিস্ট ক্লাব লিমিটেড এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল। অনুষ্ঠানে জানানো হয়, অঁদ্রে মালরোর অবদান ও বাংলাদেশের প্রতি তাঁর সংহতির স্মরণে ২২ নভেম্বর মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘অঁদ্রে মালরো মেমোরি ওয়াল’ বা স্মৃতিফলক স্থাপন করা হবে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকা অঁদ্রে মালরো গার্ডেন ও স্মৃতিসৌধের সামনে একটি স্মরণ অনুষ্ঠানের আয়োজন করবে।
সপ্তাহব্যাপী এই আয়োজনে থাকছে ফরাসি পরিবেশনাশিল্পের অংশ হিসেবে অপেরা। আর্টিস্টস ক্লাবের সহায়তায় আয়োজিত এই অনুষ্ঠানে ফ্রান্সের একজন সংগীতশিল্পী ও একজন পিয়ানোবাদক অংশ নেবেন। আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকা দেশের প্রথম জাতীয় স্ট্রিট ফটোগ্রাফি উৎসব আয়োজন করবে, যেখানে আলোকচিত্রীরা জনজীবনের দৈনন্দিন মুহূর্ত ক্যামেরায় তুলে ধরে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করবেন। এছাড়া ফরাসি চলচ্চিত্র পরিচালক ভিনসেন্ট মুন চলচ্চিত্রবিষয়ক একটি মাস্টারক্লাস পরিচালনা করবেন। ফরাসি উন্নয়ন সংস্থা (এএফডি) আয়োজিত একটি বিশেষ পর্বে নারীর অধিকার ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ নিয়ে আলোচনা হবে।
বিজ্ঞাপন
খাদ্যরসিকদের জন্য হোটেল ইন্টারকন্টিনেন্টালে থাকছে ফরাসি খাবার উৎসব। সেখানে ফরাসি শেফ প্যাট্রিক কানে ফ্রান্সের ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করবেন এবং হোটেল ও পর্যটন খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী শিক্ষার্থীদের জন্য একটি মাস্টারক্লাস নেবেন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক ফ্রঁসোয়া চোমব্রো, আর্টিস্ট ক্লাবের নির্বাহী সদস্য অধ্যাপক মোস্তাফিজুর রহমান এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালের পরিচালক (অপারেশন, ফুড অ্যান্ড বেভারেজ) ওলিভিয়ে লোরো বক্তৃতা করেন।
