মুন্সীগঞ্জে বাকি না দেওয়ায় দোকানদারকে কুপিয়ে হত্যা


মুন্সীগঞ্জে বাকি না দেওয়ায় দোকানদারকে কুপিয়ে হত্যা
মুন্সীগঞ্জে বাকিতে চিপস-সিগারেট না দেওয়ায় মোশারফ হোসেন (৫৫) নামে এক মুদি দোকানদারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় রুবেল মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার মিরকাদিমের কাগজীপাড়ায় হত্যাকাণ্ডটি ঘটে। স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বাড়ির পাশেই মোশারফের মুদির দোকান। প্রতিদিন তিনি ওই দোকানেই ঘুমাতেন। রাত দেড়টার দিকে রুবেল মিয়া সেখানে উপস্থিত হয়ে তাকে ডেকে তোলেন এবং চিপস-সিগারেট চান। কিন্তু দোকানদার বাকি দেওয়া যাবে না বলে জানালে কথা কাটাকাটি হয় দুজনের মধ্যে । একপর্যায়ে মোশারফকে দোকান থেকে টেনে বের করে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন রুবেল। পরে স্থানীয়রা মোশারফকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্ডার খায়রুল ইসলাম জানান, অভিযান চালিয়ে রুবেলকে গ্রেফতার করা হয়েছে। তার সঙ্গে রক্তমাখা একটি ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।