নির্মাণাধীন ভবনের ইট পড়ে বাংলাদেশ ব্যাংকের এডির মৃত্যু
অনলাইন নিউজ ডেক্স
রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় নির্মাণাধীন ভবনের ইট পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় মালিবাগের মৌচাক মার্কেট এলাকার শান্তিনগর সিদ্ধেশ্বরী ফখরুদ্দিন রেস্টুরেন্টের পাশে এই ঘটনা ঘটে। নিহতের নাম দিপু সানা (৩৭)। তিনি বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) হিসেবে কর্মরত ছিলেন।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) আমেনা খানম বলেন, অফিস শেষে নিউ সার্কুলার রোড সিদ্ধেশ্বরী ফখরুদ্দিন পার্টি সেন্টারের সামনে ফুটপাত দিয়ে যাওয়ার সময় ওপর থেকে মাথায় ইট পড়ে মারা যান দিপু সানা। খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে সিরাজুল ইসলাম মেডিকেল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
নিহতের চাচা স্বপন কুমার সানা বলেন, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিপু সানা অফিস থেকে বাসায় ফিরছিলেন। এ সময় নির্মাণাধীন ভবনের ওপর থেকে মাথায় ইট পড়ে গুরুতর আহত হয়। সেখান থেকে স্থানীয় মৌচাক সিরাজুল ইসলাম মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে রমনা থানা-পুলিশকে খবর দিলে সেখান থেকে তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
দিপু সানা খুলনা পাইকগাছা উপজেলার সোলাদানা গ্রামের তপন কুমার সানার মেয়ে। তাঁর স্বামীর নাম তরুণ কুমার বিশ্বাস। তাঁদের গ্রামের বাড়ি খুলনা তেরখাদা শ্রীপুর গ্রামে। বর্তমানে ৬৫৪ মগবাজার গাবতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি। তরুণ কুমার একটি প্রাইভেট কোম্পানিতে কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত।
ঋষি রাজ নামে তাঁদের তিন বছরে একটি সন্তান রয়েছে। ২০১৭ সালে দিপু সানা বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। তিনি বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখায় কর্মরত ছিলেন। দিপু সানা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে অনার্স ও মাস্টার্স শেষ করেন।
