কুষ্টিয়ার মিরপুরে ওলি আহাদ শেখ নামে ভারতীয় নাগরিকের মৃত্যু


কুষ্টিয়ার মিরপুরে ওলি আহাদ শেখ নামে ভারতীয় নাগরিকের মৃত্যু
কুষ্টিয়ার মিরপুরে ওলি আহাদ শেখ (৩৪) নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে মিরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো: শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ওলি আহাদ শেখ ভারতের মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার মো: জামাল উদ্দিন শেখের ছেলে। বৃহস্পতিবার বিকেলে ভারতীয় নাগরিক ওলি আহাদ শেখ অসুস্থ হয়ে পড়লে তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান তার আগেই মৃত্যু হয়েছে। মিরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো: শফিকুল ইসলাম জানান, ভারতীয় নাগরিক ওলি আহাদ শেখের সাথে সৌদি আরব থাকাকালীন মেহেরপুর জেলার গাংনী উপজেলার গারাবাড়ি গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে লিটনের সাথে পরিচয় হয়। এর সূত্র ধরে কয়েক দিন আগে লিটনের বাড়িতে বেড়াতে আসে ওলি। বৃহস্পতিবার বিকেলে পার্শ্ববর্তী কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের কাতলামারীতে বেড়াতে আসেন ওলি ও তার বন্ধুরা। একপর্যায়ে ভারতীয় নাগরিক ওলি শেখ অসুস্থ হয়ে পড়লে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, পরে ওলি শেখের লাশ মেহেরপুরের গাংনীতে নিয়ে যায়। সেখান থেকে মিরপুর থানা পুলিশ তার লাশ থানায় নিয়ে আসে। বর্তমানে তার লাশ পুলিশ হেফাজতে রয়েছে।