শিশুকে থাপ্পর দেওয়ায় মসজিদের সভাপতিকে পিটিয়ে হত্যা


শিশুকে থাপ্পর দেওয়ায় মসজিদের সভাপতিকে পিটিয়ে হত্যা
নরসিংদীর রায়পুরায় চাঁন মিয়া (৬৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। এক প্রতিবন্ধী শিশুকে থাপ্পর দেওয়ায় তার স্বজনদের হামলায় তিনি মারা যান বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (৫ এপ্রিল) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এর আগে দুপুরে উপজেলার মরজাল ইউনিয়নের শিমুলতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই এলাকার মৃত রহম আলী ছেলে। তিনি শিমুলতলী বাজার জামে মসজিদ কমিটি সভাপতি ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মসজিদে প্রবেশ করে উচ্চস্বরে কথা বলা ও খেলাধুলায় মেতে উঠেন প্রতিবন্ধী শিশু স্বাধীন (১২)। এতে মুসল্লিদের অনেকে বিরক্তবোধ করছিলেন। এ সময় মসজিদ কমিটি সভাপতি চাঁন মিয়া ওই শিশুকে শাসন করে একটি থাপ্পর দেন। শিশু স্বাধীন বিষয়টি তার দুই মামা জামাল ও সোহেলকে জানালে তারা চাঁন মিয়ার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে চাঁন মিয়াকে উপর্যপরি মারধর করা হয়। এতে তিনি মাথা ও শরীরে গুরুতর আঘাত পান। পরে স্বজনরা আহত চাঁন মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত সাড়ে ৮টায় তার মৃত্যু হয়। এদিকে এলাকায় চাঁন মিয়ার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে উত্তেজিত হয়ে পড়েন তার স্বজনরা। এতে সংঘর্ষের আশঙ্কা দেখা দিলে স্থানীয় জনপ্রতিনিধিরা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান। মরজাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান জানান, নামাজের সময় শিশুটি মুসল্লিদের বিরক্ত করছিল। বিষয়টি সভাপতির নজরে আসলে তিনি ওই শিশুকে শাসন করেন। পরে তার স্বজনরা এসে সভাপতিকে মারধর করে আহত করে। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যায়। ছোট একটি ঘটনা থেকে বড় ঘটনা ঘটে গেল। এই ঘটনায় আমরা সবাই মর্মাহত। রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম জানান, মসজিদে এক প্রতিবন্ধী শিশু চিল্লাচিল্লি করছিল। পরে ওই শিশুকে শাসন করেন মসজিদের সভাপতি। পরে শিশুটির স্বজনদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এরই জেরে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে মারা যান মসজিদ কমিটির সভাপতি চাঁন মিয়া। বর্তমানে এলাকা শান্ত রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।