পিএসজি-রিয়ালের চেয়ে পিছিয়ে নেই বার্সেলোনা, দাবি গর্ডনের
অনলাইন নিউজ ডেক্স
বার্সেলোনার ইংলিশ উইঙ্গার অ্যান্টনি গর্ডন বলছেন, পিএসজি কিংবা রিয়াল মাদ্রিদ—কেউই বার্সেলোনার চেয়ে এগিয়ে নয়। তিনি এ কথা বলছেন দলের সাম্প্রতিক দুটো গুরুত্বপূর্ণ হারের পর, প্রথমে ২০ অক্টোবর চ্যাম্পিয়নস লিগে পিএসজির কাছে ৪-২ এবং পরে ২৫ অক্টোবর ঘরের মাঠে রিয়ালের কাছে ২-১ হারের পর।
বিজ্ঞাপন
পিএসজির কাছে হারের আগে গর্ডনের দল হান্সি ফ্লিকের অধীনে চলতি মৌসুমে অপরাজিত ছিল, আর রিয়ালের কাছে হারের ফলে বড় মঞ্চে বার্সেলোনার সামর্থ্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ২০১৫ সালের পর স্প্যানিশ চ্যাম্পিয়নরা আর চ্যাম্পিয়নস লিগ জিততে পারেনি।
গর্ডন মিডিয়াকে জানান, “আমি মনে করি না, তারা (পিএসজি ও রিয়াল) আমাদের চেয়ে এগিয়ে। দুটি হারের দায় আমাদেরই নিতে হবে। কারণ, এই মৌসুমে এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটি ম্যাচ খেলেছি, দুটিতেই আমরা হেরেছি।”
তিনি নিজের দলের উপর আস্থা প্রকাশ করে বলেন, যেকোনো দিন যেকোনো দলকে হারানোর সামর্থ্য আছে তাদের। গর্ডন আরও যোগ করেন, পিএসজি সেই ম্যাচের আগে লিগে পুরো দলকে বিশ্রাম দিয়েছিল, আর বার্সেলোনার সেই সুযোগ ছিল না, ফলে ক্লান্তি নিয়ে খেলতে হয়েছে। তিনি বলেন, “আমরা এই সুযোগ পাইনি। তাই ম্যাচে আমরা সত্যিই খুব ক্লান্ত ছিলাম। এটা স্বাভাবিক। ঠিক আছে, আমাদের দায় নিতে হবে। তবে আমার মনে হয়, এ ক্ষেত্রে তারা বড় সুবিধা পেয়েছিল।”
গর্ডন উল্লেখ করেন যে রিয়ালের বিপক্ষে ম্যাচে কিলিয়ান এমবাপ্পের শেষ দিকের গোলের ফলে রিয়াল জিতেছিল, তবু তিনি মনে করেন বার্সেলোনা ভালো খেলেছে। তিনি বলেন, “মাদ্রিদের বিপক্ষে ম্যাচটিই সেই ম্যাচ, যেটি আমরা সবচেয়ে বেশি জিততে চাই। আমার মনে হয়, আমাদেরই জেতা উচিত ছিল।”
বিজ্ঞাপন
গর্ডন আরও বিশ্লেষণ করে বলেন, “আমার মতে, ম্যাচে আমরা অনেক ভালো দল ছিলাম। বল আমাদের দখলে ছিল, পজেশন আমাদের ছিল, ভালো সুযোগও আমরা বেশি তৈরি করেছি। তবে নিজেদের সেরা খেলাটা খেলতে পারিনি। শেষ পর্যন্ত সেটার মূল্য দিতে হয়েছে। আমরা খুব বাজে দুটি গোল হজম করেছি।”
এ ধরনের উচ্চ মানের প্রতিপক্ষের বিপক্ষে সামান্য ভুলেও বড় মূল্য দিতে হয়, গর্ডন স্বীকার করেন এবং এসব ম্যাচ থেকে শিক্ষা নিতে চান। তিনি বলেন, আবার এমন প্রতিপক্ষের মুখোমুখি হয়ে নিজেদের সামর্থ্য প্রমাণ করার অপেক্ষায় আছেন।
বার্সেলোনা এখন চ্যাম্পিয়নস লিগে ক্যাম্প ন্যুতে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে এবং রোববার লা লিগায় আতলেতিকো মাদ্রিদের মাঠে ফ্লিকের দল খেলবে।
গর্ডন বলেন, “আমি আগেও অনেকবার বলেছি, আমার আরও ভালো করার সামর্থ্য আছে। বেড়ে উঠতে, মানিয়ে নিতে এবং এখানে থিতু হতে কিছুটা সময় লাগবে। যখন সেটা হবে, তখন আপনারা আমার সেরাটা দেখতে পাবেন।”
বিজ্ঞাপন
গত গ্রীষ্মে নিউক্যাসল থেকে গর্ডনকে দলে টেনে নেওয়া হয়েছে, তার দলবদলের মূল্য ৮ কোটি ইউরো পর্যন্ত হতে পারে। ২৫ বছর বয়সী এই উইঙ্গার এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার হয়ে ১৩ ম্যাচে ৩ গোল এবং ৫টি অ্যাসিস্ট করেছেন।
তিনি আরও বলেন, “এটা আমার জন্য বড় পরিবর্তন। নতুন দল। আমার ও আমার পরিবারের জন্যও অনেক বড় পরিবর্তন। শুরুটা ভালো হয়েছে। তবে আমি আগেও অনেকবার বলেছি, আমার আরও ভালো করার সামর্থ্য আছে।”
এক দ্বীপে দুই কিং, একজনের নাম ভিভ, অন্যজন চার্লস
