নরসিংদীতে ঘোড়াশাল-পাঁচদোনা আঞ্চলিক মহাসড়কে বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষ, ২ চালক নিহত


নরসিংদীতে ঘোড়াশাল-পাঁচদোনা আঞ্চলিক মহাসড়কে বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষ, ২ চালক নিহত
নরসিংদীর পলাশের ঘোড়াশাল-পাঁচদোনা আঞ্চলিক মহাসড়কে বাস ও মালবাহী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই গাড়ির চালক নিহত হয়েছেন। শনিবার ভোর ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৬ জন। ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির এসআই মো. নাইবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে শহিদ মিয়া এনা পরিবহনের চালক ছিলেন। তার বাড়ি কিশোরগঞ্জে। এ ছাড়া কাভার্ড ভ্যানের চালক ও আহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভোরে ঘোড়াশাল পাঁচদোনা সড়কের ভাগদী কদমতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কার্ভাড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এনা পরিবহনের চালক শহিদ মিয়া ও কাভার্ড ভ্যানের চালক নিহত হন। গুরুতর আহত হন আরো ৬ জন। তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. নাইবুল ইসলাম বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।