কুষ্টিয়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, ঘাতক স্বামীর যাবজ্জীবন


কুষ্টিয়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, ঘাতক স্বামীর যাবজ্জীবন
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা বিশেষ জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রফিকুল ইসলাম লালন জানান। দণ্ডপ্রাপ্ত মো. আলামিন (৪৪) মিরপুর উপজেলার শাকদহ চর গ্রামের বাসিন্দা। যাবজ্জীবন ছাড়াও তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার নথি থেকে জানা যায়, ২০২২ সালের ২৮ অক্টোবর রাত সাড়ে ১০টা থেকে ২৯ অক্টোবর রাত দেড়টার কোনো এক সময়ে স্ত্রী মোছা. শিউলি খাতুনকে (২৮) শ্বাসরোধে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন আলামিন। খবর পেয়ে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের সময় নিহতের শরীরে আঘাতের চিহ্ন পায়। পরে তারা লাশের ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মিরপুর থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মো. আলামিন এবং মোছা. জানেরা খাতুন (৩২) নামে এক নারীর নামে মামলা করেন। তদন্ত শেষে মিরপুর থানা পুলিশের উপ পরিদর্শক জাফর আহমেদ ২০২৩ সালের ২৬ জানুয়ারি দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি রফিকুল ইসলাম লালন জানান, অভিযোগ প্রমাণিত না হওয়ায় জানেরা খাতুনকে খালাস দেয় আদালত। এ দিকে মামলার বাদী রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “আমার মেয়ের জীবনের বিনিময়ে হলেও অসংখ্য মেয়ে এই নারীলোভী আলামিনের প্রতারণা থেকে রক্ষা পাবে।”