‘ধ্রুপদী সাহিত্য’ পুরস্কারে ভূষিত কথাসাহিত্যিক কেতন শেখ
সাহিত্য ডেক্স

রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি-এর জাতীয় চিত্রশালা ভবনে রোববার (১৭ মে) অনুষ্ঠিত এক বর্ণাঢ্য আয়োজনে বিশিষ্ট কথাসাহিত্যিক ও ‘কথার কাগজ’-এর প্রধান সম্পাদক কেতন শেখ-এর হাতে সম্মানসূচক ‘ধ্রুপদী সাহিত্য’ পুরস্কার তুলে দেওয়া হয়েছে।বাংলাদেশ নারী লেখক সমিতি আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির হাত থেকে তিনি এই মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ করেন। তার বহুল আলোচিত গল্পগ্রন্থ ‘নির্বাচিত প্রেমের গল্প’-এর জন্য চলতি বছর তাকে এ সম্মাননায় ভূষিত করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বরেণ্য সাহিত্যিক ও সংস্কৃতিজনরা। তাদের মধ্যে ছিলেন কথাসাহিত্যিক শেলি সেন গুপ্তা, ঝর্ণা রহমান, রিজিয়া রহমান, দিলারা মেজবা, অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলি এবং কবি দিলারা হাফিজ।বর্তমানে কেতন শেখ সংযুক্ত আরব আমিরাতের ইউনিভার্সিটি অফ বার্মিংহামের দুবাই-এ অর্থনীতির সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। প্রবাসে অবস্থান করেও তিনি বাংলা ভাষা ও সাহিত্যের প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।তিনি সংবেদনশীল ও মননশীল শিল্প-সাহিত্যের পত্রিকা ‘কথার কাগজ’ এবং সাহিত্যভিত্তিক দ্বিভাষিক অনলাইন পাঠাগার ‘শব্দমুকুর’-এর প্রধান সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।এ পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থসমূহের মধ্যে কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ ও গবেষণাধর্মী রচনায় সমান দক্ষতার স্বাক্ষর পাওয়া যায়। সাহিত্য, সংস্কৃতি ও জ্ঞানচর্চায় তার অবদান দেশে ও প্রবাসে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে।
