ইপিজেডের বর্জ্যে গোমতী দূষণ, ৫ হাজার পরিবার ঘরছাড়া
অনলাইন নিউজ ডেক্স
কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) শিল্পবর্জ্যে গোমতী নদী ও আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে বলে জাতীয় সংসদে অভিযোগ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। সোমবার সংসদে দেওয়া বক্তব্যে তিনি জানান, এই দূষণের কারণে কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের পাঁচ হাজার পরিবার ঘরছাড়া হয়েছে।
বিজ্ঞাপন
মনিরুল হক চৌধুরী বলেন, গোমতী নদী ও এর দুই পাশের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অপূরণীয় ক্ষতি হচ্ছে। অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের পাশাপাশি নদী ও খাল ভরাট হয়ে যাওয়ায় পানিনিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়া ইপিজেডের বর্জ্য স্থানীয় খালে ফেলার কারণে জলাশয়ের মাছ ও অন্যান্য প্রাণী বিলুপ্ত হচ্ছে এবং কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। দূষণের প্রভাবে মানুষ ক্যানসারে আক্রান্ত হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
ইপিজেডের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে রাজনৈতিক প্রভাব ও অর্থ লেনদেনের অভিযোগ তুলে তিনি বলেন, ‘ক্ষমতাশালীদের টাকা দেওয়ার বিনিময়ে অপরিশোধিত বর্জ্য খালে ফেলা হয়।’ তিনি এ বিষয়ে তদন্তের দাবি জানিয়ে আরও বলেন, ‘আমার কথা মিথ্যা হলে আমি সংসদ থেকে পদত্যাগ করব।’ তার অভিযোগ, পরিবেশ অধিদপ্তর একাধিকবার প্রতিবেদন দিলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি এবং ক্ষতিপূরণের আদেশও বাস্তবায়িত হয়নি।
জবাবে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী জানান, গোমতী নদীর নাব্য কমে যাওয়া, অবৈধ মাটি উত্তোলন ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ক্ষতির বিষয়গুলো সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। তিনি বলেন, শুধু নদী খনন করলেই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। অবৈধ মাটি ও বালু উত্তোলন বন্ধে প্রশাসনিক ও কারিগরি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নদীর সীমানা নির্ধারণ, নিয়মিত অভিযান এবং স্যাটেলাইট ছবি ও ড্রোনের মাধ্যমে নজরদারির উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রী আরও জানান, লক্ষ্মীপুর, নোয়াখালী ও কুমিল্লা জেলার সমন্বিত নদী, বন্যা ও পানি ব্যবস্থাপনা নিয়ে একটি সম্ভাব্যতা সমীক্ষা চলছে।
