বীরগঞ্জে ভুট্টাবাহী ট্রাক উল্টে চালক নিহত


বীরগঞ্জে ভুট্টাবাহী ট্রাক উল্টে চালক নিহত
দিনাজপুরের বীরগঞ্জে ভুট্টাবাহী ট্রাক উল্টে দেলোয়ার হোসেন (৪৫) নামে এক চালক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১১টার দিকে উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঝারবাড়ী-গড়েয়া সড়কের চেংঠী ব্রিজ সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত দেলোয়ার হোসেন ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের ফগদনপুর কালিতলা গ্রামের মৃত মসলিম উদ্দিনের ছেলে। বীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাজেকুল ইসলাম জানান, রাতে ঠাকুরগাঁওয়ে যাচ্ছিল ট্রাকটি। রাত ১১টার দিকে ঝারবাড়ী-গড়েয়া সড়কের চেংঠী ব্রিজ সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা নছিমনকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রাকটি। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান চালক। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম জানান, ট্রাকটি উদ্ধার করে থানা নেওয়া হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই আনোয়ার হোসেন মামলা করেছেন।