যিশুর জন্মস্থানে গাজা যুদ্ধের ছায়া : বেথেলহেমে বাতিল হলো উৎসব


যিশুর জন্মস্থানে গাজা যুদ্ধের ছায়া : বেথেলহেমে বাতিল হলো উৎসব
বড়দিনের সময় বিশ্বের নানা প্রাপ্ত থেকে মানুষ এসে ভিড় জমায় যিশুখ্রিস্টের জন্মস্থান ফিলিস্তিনের বেথেলহেমে। আলোয় ঝলমলে হয়ে ওঠে ম্যাঞ্জার স্কয়ারে অবস্থিত চার্চ অব দ্য নেটিভিটি। বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকরা ঠাঁই নেন সিটি হলের ছাদে, মধ্যরাতের ঘণ্টাধ্বনি বেজে ওঠার ঘটনা ক্যামেরাবন্দি করতে। তবে এ বছর চার্চ অব দ্য নেটিভিটিতে নেই কোনো আলোকসজ্জা, ক্রিসমাস ট্রি, বাজনা বা উৎসবের কোনো চিহ্ন। কোনো সান্তা বাচ্চাদের হাতে তুলে দিচ্ছেন না চকোলেট। নেই কোনো তীর্থযাত্রী, নেই কোনো পর্যটক। বড়দিনের প্রাক্কালে এ বছর বেথেলহেমের পরিবেশ অনেকটা গুমট, অন্ধকারাচ্ছন্ন, বিষণ্ন আর রাজনৈতিক। চলমান গাজা যুদ্ধের ছায়া যেন নেমে এসেছে যিশুর জন্মস্থানে। বেথেলহেমের খ্রিস্টানরা নিঃশব্দে উদযাপন করছেন বড়দিন। চার্চ অব দ্য নেটিভিটির সামনে ঐতিহ্যবাহী সাজসজ্জার জায়গায় ২০২৩ সালের বড়দিনের জন্য একটি সাধারণ জন্ম দৃশ্য তৈরি করা হয়েছে, যেখানে ফুটিয়ে তোলা হয়েছে গাজার ধ্বংসস্তূপের মধ্যে যিশুর পৃথিবীতে প্রবেশের ঘটনা। এ বছর আয়োজকরা বড়দিনের অধ্যাত্মিক বিষয়গুলো পালনের কথা বললেও প্রথাগত উদযাপন ভুলে যেতে বলেছেন। সূত্র : এএফপি