মেকআপ আর্টিস্ট এর সাথে নতুন সম্পর্কে জড়ালেন আরবাজ খান
অনলাইন নিউজ ডেক্স
বলিউড তারকা আরবাজ খান বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার আগেই সম্পর্ক ভেঙে যাচ্ছে। মালাইকা আরোরার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পরকোনো সম্পর্কই পাকাপোক্ত হচ্ছে না এই অভিনেতার। বিচ্ছেদের পরে বলিউড অভিনেতা আরবাজ খান ইতালিয়ান মডেল-অভিনেত্রী জর্জিয়া আদ্রিয়ানির সঙ্গে সম্পর্কে জড়ান। কিন্তু সেই সম্পর্কও খুব বেশিদিন টেকসই হয়নি। এবার নতুন করে প্রেমে পড়েছেন এই তারকা। শোনা যাচ্ছে, বলিউডের মেকআপ আর্টিস্ট শুরা খানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন আরবাজ।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সম্পর্কের বিষয়ে ভীষণ সিরিয়াস আরবাজ-শুরা। এমনকি খুব শিগগিরই এই প্রেমিক যুগল বিবাহবন্ধনেও আবদ্ধ হবেন বলে শোনা যাচ্ছে। দুই পরিবার ও তাদের ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
সূত্রটি আরও জানায় যে, আরবাজ এবং শুরার দেখা হয়েছিল আসন্ন ছবি ‘পাটনা শুক্লা’-র সেটে। এ সিনেমায় আরবাজের মেকআপও করেন শুরা। এ সিনেমার সেটে হয় তাদের বন্ধুত্ব। তারপর সেই বন্ধুত্ব পরিণতি পায় প্রেমে। সিনেমার সেট থেকে শুরু এই প্রেমের। শিগগিরই মুক্তি পাবে তাদের নতুন কাজ। তবে এই বিষয় মুখ খোলেননি আরবাজ ও শুরা কেউই।
তবে কদিন আগে আরবাজের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুলেছিলেন জর্জিয়া। তাকে বলতে শোনা যায়, ‘এই মুহূর্তে, আমরা খুব ভালো বন্ধু। আমরা সবসময়ই খুব ভালো বন্ধু থাকব। একটা সময়ে আমরা বন্ধুর চেয়ে বেশি ছিলাম। আমরা সবসময়ই খুব ঘনিষ্ঠ ছিলাম একে-অপরের, অনেক মজার মুহূর্ত কাটিয়েছি একসঙ্গে।…আমার মনে হয় শুরু থেকেই আমরা দুজনেই জানতাম যে এই সম্পর্ক চিরকাল স্থায়ী হবে না। কারণ আমরা খুব আলাদা, আমরা দুজনেই তা বুঝতাম। কিন্তু আমাদের দুজনেরই তা স্বীকার করার সাহস ছিল না।’
উল্লেখ্য, ১৯৯৮ সালে মডেল ও অভিনেত্রী মালাইকা আরোরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আরবাজ। পরে ২০০২ সালে তাদের সংসার আলো করে জন্ম নেয় পুত্র আরহান। কিন্তু ২০১৬ সালে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন মালাইকা-আরবাজ। ২০১৭ সালের মে মাসে তাদের বিচ্ছেদ মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত।
