পটুয়াখালীতে বিয়ের একদিন পরই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
অনলাইন নিউজ ডেক্স
পটুয়াখালীর মহিপুরে বিয়ের একদিন পরেই ওমর আলী (২৫) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় লতাচাপলী ইউনিয়নের তাহের পুর গ্রামের নিজ বাড়ির পাশের একটি মরিচ খেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত ওমর ওই এলাকার শাহজাহান ফরাজীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার ওমর আলীর সঙ্গে একই ইউনিয়নের তাজেপাড়া গ্রামের শাহ আলমের মেয়ে রুকাইয়ার (১৮) বিয়ে হয়। গতকাল কনের বাড়িতে বৌভাত শেষে রুকাইয়াকে তার বাড়ির লোকজনসহ ওমর আলীর বাড়িতে নিয়ে আসা হয়। ভোররাতে ওমর নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয়। পরে সকাল ৭টার দিকে স্থানীয়রা মরিচ খেতে তার গলাকাটা মরদেহ দেখতে পায়।
নববধূ রুকাইয়া বলেন, ফজরের আযানের পর দু\'জনে পুকুরে ওযু করতে যাই। সে নামাজ পড়ার জন্য মসজিদের দিকে যাচ্ছিল আর আমি ঘরে ফিরে এসেছি। পরে শুনতে পাই তার মরদেহ পড়ে আছে।
ওমর আলীর বাবা শাহজাহান ফরাজী বলেন, ফজরের সময় ছেলে ও বউকে পুকুর পাড়ে দেখে আমি মসজিদে গিয়েছি। পরে জামাত শেষে ফিরে এসে দেখি মরিচ খেতে পড়ে আছে।
মহিপুর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার জানান, ঘটনাস্থল থেকে একটি দেশীয় দা উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
