‘তুফান’র সেট নির্মাণ হবে দুই মাস ধরে
অনলাইন নিউজ ডেক্স
প্রথমবার মতো শাকিব খানকে নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন রায়হান রাফী। কোরবানির ঈদে মুক্তি পাবে ‘তুফান’ নামের সিনেমাটি। ২ জানুয়ারি ভারতের হায়দরাবাদ গেছেন রাফী। সেখানকার রামোজি ফিল্ম সিটিতে তৈরি করছেন বিশাল চারটি সেট।
সেই সেটে তুলে ধরা হবে নব্বই দশকের বাংলাদেশকে। ছবিতে দেখা যাবে নব্বই দশকের গাড়ি, রেল, এমনকি রাস্তাঘাটও। গতকাল থেকে শুরু হয়েছে সেট নির্মাণের কাজ। রামোজি ফিল্ম সিটি থেকে কথা বলেছেন রায়হান রাফী।
তিনি বলেন, ‘বাংলাদেশে এর আগে কোনো সিনেমার এত বড় সেট নির্মিত হয়েছে বলে আমার জানা নেই। নব্বই দশকের বড় বড় তিনটি শহর পর্দায় তুলে আনব। দেখাব সেখানে ঘটে যাওয়া নানা ঘটনা। সেটটি নির্মাণ করতে অন্তত দুই মাস সময় লাগবে।
প্রতিদিন প্রায় এক শ মানুষ সেট নির্মাণের কাজে আছেন।’
রাফী আরো বলেন, দক্ষিণের ছবি ‘বাহুবলী’র সেট যাঁরা নির্মাণ করেছিলেন, তাঁরাই এই সেট নির্মাণ করছেন। ছবির একটি বড় বাজেট সেট নির্মাণের কাজেই ব্যয় হচ্ছে। তিনি বলেন, ‘আমি যে সময়টার গল্প বলতে চাই, সেই সময়টা পর্দায় তুলে ধরতে চাই। এখন নব্বই দশকের গল্প বলতে গিয়ে বর্তমান সময়ের লোকেশন তো আর ব্যবহার করা যায় না।
তাহলে ছবিটির বাজেট কত? জানতে চাইলে রাফী বলেন, ‘এটা শাকিব খানের ক্যারিয়ার তো বটেই, আমার ক্যারিয়ারেরও সবচেয়ে বড় বাজেটের ছবি। কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, বাংলাদেশের চরকি ও আলফা আইয়ের মতো প্রযোজনা প্রতিষ্ঠান এতে অর্থ লগ্নি করছে। তার মানে, বুঝে নিতে হবে ছবিটার বাজেট কত! তবে বাজেট বলতে নিষেধ আছে।’ রাফী দেশে ফিরবেন ৫ ডিসেম্বর। শাকিব খানের সঙ্গে নায়িকা কে হচ্ছেন সেটা দেশে ফিরেই জানাতে চান।
