এক্সপ্রেসওয়েতে নেই যানজট, ভাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রীদের ভিড়


এক্সপ্রেসওয়েতে নেই যানজট, ভাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রীদের ভিড়
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভাঙ্গায় ঘরমুখো যাত্রীদের ভিড় বেড়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা ভাঙ্গায় নেমে গন্তব্যে যাওয়ার জন্য অপেক্ষা করছেন তাঁরা। আজ মঙ্গলবার (৯ এপ্রিল) বেলা ১১টার দিকে ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ডে যাত্রীদের প্রচণ্ড ভিড় লক্ষ্য করা গেছে। ঢাকা থেকে লোকাল বাসে ভাঙ্গায় এসেছেন বরিশালের গৌরনদীর পলাশ মিয়া। তিনি বলেন, ‘ঢাকা থেকে সরাসরি বাসের টিকিট না পেয়ে আমি লোকাল বাসে ভাঙ্গা এসেছি। এখান থেকে বরিশালের কোন বাসে আমি বাড়ি যাব। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। কোন গাড়ির সিট খালি নাই। আমার সঙ্গে আমার স্ত্রী ও সন্তান রয়েছে।’ পলাশ মিয়ার মতো অপেক্ষায় রয়েছেন পটুয়াখালীর ইউসুফ শেখ, মাদারীপুরের ভূরঘাটার ইদ্রিস আলীসহ আরো অনেকে। এদিকে বেলা ১১টায় ঢাকা-ভাঙ্গা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের ভাঙ্গার বগাইল টোল প্লাজায় গিয়ে দেখা যায়, গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। টোল প্লাজায় কোন যানজট নেই। তবে মোটরসাইকেলের চলাচল অনেক বেড়েছে। ঢাকা থেকে বরিশাল এবং ঢাকা থেকে খুলনাগামী মোটরসাইকেল আরোহীরা নির্বিঘ্নে পদ্মা সেতু পাড়ি দিয়ে গন্তব্যে যাচ্ছেন। ভাঙ্গার বগাইল টোল প্লাজার টোল অপারেটর বিশাল দাস জানান, ঈদযাত্রায় যানবাহনের পরিমাণ প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। মোটরসাইকেলের চলাচল আগের চেয়ে অনেক বেড়েছে। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ মোহাম্মদ খাইরুল আনাম জানান, ভাঙ্গায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও যানজটের খবর পাইনি। রাস্তায় ভাঙ্গা থানা পুলিশ, হাইওয়ে থানা পুলিশ এবং ট্রাফিক পুলিশ তৎপর রয়েছে। লোকাল গাড়িগুলো টার্মিনালের ভেতর বাইপাস সড়কে অবস্থান করছে। টোল প্লাজাসহ সব ক্ষেত্রে দৃষ্টি রাখছি‌। গত কয়েক দিনে ভাঙ্গায় বড় কোনো সড়ক দুর্ঘটনা ঘটেনি। আশা করি ঈদ যাত্রা এবছর শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন হবে।