দুই ঘণ্টা পরপর প্রচার হবে ভোট গ্রহণের হার : সিইসি


দুই ঘণ্টা পরপর প্রচার হবে ভোট গ্রহণের হার : সিইসি
দ্বাদশ জাতীয় নির্বাচনের ভোট পড়ার হিসাব দুই ঘণ্টা পরপর প্রচার করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, নির্বাচন গ্রহণযোগ্য করতে হবে। পোলিং এজেন্টদের দায়িত্ব পালন করতে হবে। কিছুক্ষণ পর পর ভোটের হিসাবও পরীক্ষা করে দেখা হবে। সেটি দুঘণ্টা পরপর মিডিয়ায় প্রচার করা হবে। আজ রবিবার দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, ৭ জানুয়ারি নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠ। শুনেছি কেউ বলছেন, এখানের ভোট ওখানে চলে যাবে, ওখানের ভোট এখানে চলে আসবে, এমনটি হবার কোনো কারণই নেই। ভোট এক জায়গায় দিলে আরেক জায়গায় যাবে এটা সত্য নয়। সাংবাদিকদের উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আপনারা নির্ভয়ে ভোটের সত্য তথ্য জানাবেন। আপনাদের মাধ্যমেই দেশবাসী ও আমরা ভোটের প্রকৃত চিত্র জানতে পারবো। কাজী হাবিবুল আউয়াল বলেন, নিরপেক্ষ আচরণে প্রশাসনের কর্মকর্তাদের ব্যাতয় ঘটবে না। প্রিসাইডিং অফিসার নির্ভয়ে দায়িত্ব পালন করবেন। এখন কি হচ্ছে, না হচ্ছে তা লোকজন কিছু দিন পর ভুলে যাবে। কিন্তু গুরুত্বপূর্ণ দিন হলো ভোটের দিন। ভোটাররা শান্তিতে ভোট দিতে পারলো কিনা। সঠিকভাবে ফল প্রকাশ হলো কি না। তিনি বলেন, নির্বাচনের আচরণবিধি প্রার্থীদের মেনে চলতে হবে। আবার প্রশাসনকেও এ ব্যাপারে নজর রাখতে হবে। প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোটকেন্দ্রে কোনো কারচিুপি বা অনিয়মের ঘটনা ঘটলে ওই কেন্দ্র তাৎক্ষণিক বন্ধ করে দেওয়া হবে। ভোট কেন্দ্রে একাধিক বাহিনী থাকার কারণে ভারসাম্য রক্ষা হবে।