২৪ ঘণ্টায় গাজায় মৃতের সংখ্যা অন্তত ১৩২


২৪ ঘণ্টায় গাজায় মৃতের সংখ্যা অন্তত ১৩২
আজ ১৬ জানুয়ারি মঙ্গলবার। গত ৭ অক্টোবর ইসরায়েলে ব্যাপক হামলা চালিয়েছিল হামাস। জবাবে সেদিন থেকেই গাজা উপত্যকায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। ফিলিস্তিনে ইসরায়েলের নির্বিচার হামলার ১০২তম দিন আজ। যুদ্ধের উল্লেখযোগ্য বিবরণ নিচে দেওয়া হলো। ► মানবিক বিষয়ক সমন্বয়ের জন্য জাতিসংঘের কার্যালয় বলেছে, ইসরায়েলি কর্তৃপক্ষ উত্তর গাজায় ওষুধ ও জ্বালানি সরবরাহ নিয়ে আসা সহায়তা প্রবেশের অনুমতি দেয়নি। ► ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় অন্তত ১৩২ জন নিহত হয়েছে, আহত হয়েছে ২৫২। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ও জানায়, হামলায় নিহত অন্তত ১৩২ জনের লাশ উপত্যকার বিভিন্ন হাসপাতালে আনা হয়েছে। ► ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা গাজা থেকে অধিকৃত পশ্চিম তীরে একটি ইউনিটকে পুনরায় মোতায়েন করেছে। ► ফিলিস্তিনে ইসরায়েলের হামলার ১০২তম দিন আজ। এ সময়ে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ২৪ হাজার ১০০। সূত্র: আলজাজিরা