নোয়াখালীতে নৌকার প্রার্থী কিরণ এমপিকে অবাঞ্ছিত ঘোষণা উপজেলা আওয়ামী লীগ এর
অনলাইন নিউজ ডেক্স
নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের নৌকার প্রার্থী মামুনুর রশিদ কিরণ এমপিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।
বুধবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. এ বি এম জাফর উল্যাহর নেতৃত্বে চেয়ারম্যান পার্কে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। মামুনুর রশিদ কিরণ নোয়াখালী-৩ আসনের এমপি এবং বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদে রয়েছেন ।
সংবাদ সম্মেলনে ডা. এ বি এম জাফর উল্যাহ বলেন, নৌকার প্রার্থী মামুনুর রশিদ কিরণের মসজিদের টাকা আত্মসাত করার প্রমাণ পাওয়া গেছে। যা মুসল্লিদের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। আমরা তাকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করলাম।
‘এছাড়া সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় এমপি মামুনুর রশিদ কিরণকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়ে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে সুপারিশ পাঠানো হয়েছে। তার অবর্তমানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।’
সংবাদ সম্মেলনে চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন ফয়সলসহ উপজেলা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
খোঁজ নিয়ে জানা যায়, মামুনুর রশিদ কিরন এমপি চৌমুহনী বড় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি। নিজের ঋণ পরিশোধে মসজিদের দুটি ব্যাংক হিসাব থেকে তিন কোটি ২০ লাখ টাকা তোলার অভিযোগ ওঠে। এ নিয়ে গত ৭ ডিসেম্বর দৈনিক ইনকিলাব-এ \"নোয়াখালীতে ঋণ পরিশোধে মসজিদের ৩ কোটি ২০ লাখ টাকা উঠিয়ে নিলেন আ\'লীগ সংসদ সদস্য প্রার্থী কিরণ এমপি\"শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
এর আগে বেগমগন্জ উপজেলা সাধারণ সম্পাদক মামুনুর রশিদ কিরন এমপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. এ বি এম জাফর উল্যাহ ও চৌমুহনী পৌর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র আক্তার হোসেন ফয়সলসহ ১৫ নেতাকে অব্যাহতি দিয়ে সংবাদ সম্মেলন করেন।
মামুনুর রশিদ কিরন ২০১৪ ও ২০১৮ সালে নৌকা নিয়ে নোয়াখালী-৩ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। এবার মনোনয়নপত্র জমা দেয়ার পর ঋণ খেলাপির দায়ে তা বাতিল হয়ে যায়। পরে ঋণ পরিশোধ করায় তা বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।
মামুনুর রশিদ কিরন ২০১৪ ও ২০১৮ সালে নৌকা নিয়ে নোয়াখালী-৩ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। এবার মনোনয়নপত্র জমা দেওয়ার পর ঋণ খেলাপির দায়ে তা বাতিল হয়ে যায়। পরে ঋণ পরিশোধ করায় তা বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।
নোয়াখালী-৩ আসনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ কিরন। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মিনহাজ আহমেদ জাবেদ (ট্রাক) স্থানীয় অধিকাংশ নেতাকর্মীদের সমর্থন নিয়ে ভোট যুদ্ধে রয়েছেন। তিনি সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল মঈন উদ্দিন আহমেদের( ম,ইউ,আহমেদ) ছোট ভাই।
