নাশকতার মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফসহ ১৯ জনের রায় আজ


নাশকতার মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফসহ ১৯ জনের রায় আজ
বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীসহ ১৯ জনের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গুলশান থানার নাশকতার এক মামলার রায় ঘোষণার জন্য আজ দিন ধার্য রয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন মেজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এ রায় ঘোষণা করবেন। মামলার অপর আসামিরা হলেন- মেজর (অব.) মোঃ হাফিজ উদ্দিন আহমেদ, মেজর (অব.) মোঃ হানিফ, এমএ আউয়াল খান, মঈনুল ইসলাম, এমএ কাউয়ুম, মোঃ দুলাল, মোঃ রাসেল, তোফায়েল আহম্মেদ ওরফে লিটন, মোঃ আলমগীর হোসেন ওরফে রাজু, মো. বাবুল হোসেন ওরফে বাবু, মো. জাহাঙ্গীর শিকদার ওরফে বাবু, আরিফুল ইসলাম, মোঃ বিল্লাল হোসেন, মোঃ সামসুল হক মিয়াজী, মোঃ বিপ্লব, মোঃ খুরশিদ আলম মমতাজ, মোঃ মাহাবুব ও মোঃ মোশারফ হোসেন। এর আগে গত ২৪ ডিসেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ২৮ ডিসেম্বর দিন ঠিক করেন ঢাকার মেট্রোপলিটন মেজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত। মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামিরা ২০১১ সালের ৪ জুন গুলশান থানাধীন মহাখালী ওয়ারলেস গেট পানির ট্যাংকের সামনে রাস্তার ওপর অবৈধ সমাবেশ থেকে পুলিশের কাজে বাধা দেয়াসহ হামলা করেন। গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। ২০১৪ সালের ২৯ এপ্রিল মামলাটি তদন্তের পর আদালতে চার্জশিট দাখিল করেন গুলশান থানার এসআই কামরুল হাসান তালুকদার। ২০২২ সালের ২৫ এপ্রিল এ মামালায় আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। আদালত মামলার বিচার চালাকালীন ১২ জন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্যগ্রহণ করেছেন। জানা যায়, গত ৫ নভেম্বর (রোববার) সকালে গাজীপুরের টঙ্গী থেকে আলতাফ হোসেনকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ওই দিনই প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রমনা মডেল থানায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এরপর আদালতে হাজির করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। আবেদনের পরিপ্রেক্ষিতে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালত। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।