একদিনে গাজার ২৫০ টির মত জায়গায় হামলা


একদিনে গাজার ২৫০ টির মত জায়গায় হামলা
আন্তর্জাতিক: পৃথিবীর ওপর নরকে পরিণত হয়েছে গাজা এবং আরো সাহায্যের প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। যতদিন যাচ্ছে গাজা পরিস্থিতি ততই ভয়াবহ হচ্ছে। জাতিসংঘের গাজা স্ট্রিপ সংক্রান্ত সংগঠনের প্রধান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পৃথিবীর বুকে একখণ্ড নরকে পরিণত হয়েছে গাজা। এদিকে ইসরায়েল জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজার ২৫০টি জায়গায় তারা আক্রমণ চালিয়েছে। এর মধ্যে বেশ কিছু সুড়ঙ্গও আছে। ইসরয়ালে এবং মিসর দুই দিক থেকেই গাজা উপত্যকা অবরুদ্ধ করে রাখা হয়েছে। অতি সামান্য মানবিক সাহায্য পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও-এর এক্সিকিউটিভ বোর্ড জানিয়েছে, তাদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, গাজায় আরো মানবিক সাহায্য পাঠাতে হবে। এখন যে সাহায্য পৌঁছাচ্ছে, তা নিতান্তই কম বলে তাদের দাবি। আফগানিস্তান, কাতার, ইয়েমেন এবং মরোক্কোর নেওয়া এই সিদ্ধান্তে দুইটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর নজর দেওয়া হয়েছে। এক, গাজায় স্বাস্থ্য কর্মীদের ওপর আক্রমণ চালানো যাবে না এবং দুই নতুন করে হাসপাতাল গড়ার জন্য দ্রুত টাকা পাঠাতে হবে। ডাব্লিউএইচও প্রধান জানিয়েছেন, গত দুই মাসের মধ্যে এই প্রথম সর্বসম্মতিক্রমে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলো। কানাডা অবশ্য ডাব্লিউএইচও-এর সিদ্ধান্তের সমালোচনা করেছে। তাদের বক্তব্য, এটি একটি আপসমূলক সিদ্ধান্ত। হামাসের বিষয়ে কোনো মন্তব্যই করা হয়নি সিদ্ধান্তে। সরাসরি এর বিরোধিতা করেছে অস্ট্রেলিয়াও। তাদের বক্তব্য, ৭ অক্টোবরের কোনো কথাই উল্লেখ করা হয়নি সিদ্ধান্তে। অথচ ৭ অক্টোবর হামাসের কাজের পরিপ্রেক্ষিতেই এই গোটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত ডাব্লিউএইচও-এর পক্ষ থেকে উত্তর দেওয়া হয়নি। নেতানিয়াহুর বক্তব্য ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু রবিবার হামাস নেতাদের উদ্দেশ্যে জানিয়েছেন, তাদের এবার আত্মসমর্পন করা উচিত। তার বক্তব্য, “গত এক সপ্তাহে বেশ কিছু হামাস সদস্য ইসরায়েলের বাহিনীর কাছে আত্মসমর্পন করেছে।” নেতানিয়াহু জানিয়েছেন, এই লড়াই আসলে হামাসকে শেষ করার লড়াই। আত্মসমর্পন করলে তারা প্রাণে বেঁচে যাবে অন্তত।