ব্যানারে অতি ক্ষুদ্র অক্ষরে শেখ হাসিনা সরকারের শিক্ষকবিষয়ক স্লোগান: প্রধান শিক্ষক আটক, রাজনৈতিক মামলা
অনলাইন নিউজ ডেক্স
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লোগো সম্বলিত ব্যানার ব্যবহারের অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়ায় এক প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ।
পরে তাকে একটি রাজনৈতিক মামলায় আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
৫ই অক্টোবর, সোমবার উপজেলার তিল্লি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আটক আবুল হাশেম ভূঁইয়া (৪৮) ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি দৌলতপুর উপজেলার কুনিয়া ইউনিয়নের বাসিন্দা।
পুলিশের দাবি, আবুল হাশেম ভূঁইয়া কুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।
পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আবুল হাশেম ভূঁইয়ার উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিদ্যালয় থেকে বের হয়ে তিল্লি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা একটি ব্যানার বহন করা হয়।
তিল্লি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সোরহাব হোসেন বলেন, প্রধান শিক্ষক নিজেই শিক্ষক দিবসের ব্যানারটি এনেছিলেন। শোভাযাত্রা শেষে বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
পরে ব্যানারে শেখ হাসিনার নাম থাকার বিষয়টি স্থানীয় লোকজনের নজরে আসে। তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যানারটি জব্দ করে এবং প্রধান শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।
ব্যানারে অত্যন্ত ক্ষুদ্রাকৃতির এই লোগোটি সচরাচর কারো নজরে পড়ারও কথা নয়। অথচ এ নিয়ে জলঘোলা করে প্রধান শিক্ষককে ফাঁসানো হয়েছে, বললেন বিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, ঘটনাটি যাচাই-বাছাই করে আবুল হাশেম ভূঁইয়াকে একটি রাজনৈতিক মামলায় আদালতে পাঠানো হয়েছে।
তবে কোন রাজনৈতিক মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে এবং ওই মামলায় তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কী, সে বিষয়ে পুলিশ বিস্তারিত জানায়নি।
