ভাত খাওয়ার আদর্শ সময় কখন?

প্রকাশিতঃ মে ২০, ২০২৬ | ৮:২২ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

ভাত বাঙালির দৈনন্দিন খাদ্যাভ্যাসের গুরুত্বপূর্ণ অংশ হলেও বর্তমানে অনেকেই স্বাস্থ্য সচেতনতার কারণে কুইনোয়া, ওটসসহ অন্যান্য শস্য বেছে নিচ্ছেন। তবে বিশেষজ্ঞদের মতে, ভাত সম্পূর্ণভাবে বাদ দেওয়ার প্রয়োজন নেই—পরিমিত পরিমাণে এবং সঠিক সময়ে খেলে এটি শরীরের জন্য উপকারী হতে পারে। পুষ্টিবিদদের মতে, দিনের মধ্যে সবচেয়ে ভালো সময় হলো দুপুরের খাবার। এই সময়ে ভাত খেলে তা সহজে শক্তিতে রূপান্তরিত হয় এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। বিশেষ করে হোল গ্রেইন যেমন ব্রাউন বা লাল চালে থাকা পুষ্টি ও বি-ভিটামিন মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করতে সহায়তা করে। তবে সাদা ভাতে তুলনামূলকভাবে ফাইবার কম থাকে, তাই অতিরিক্ত সাদা ভাত খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে, বিশেষ করে যাদের ডায়াবেটিসের সম্ভাবনা রয়েছে তাদের ক্ষেত্রে। অন্যদিকে ব্রাউন ও লাল চাল ফাইবার, ভিটামিন ও খনিজে সমৃদ্ধ হওয়ায় এগুলোকে তুলনামূলক স্বাস্থ্যকর বিকল্প হিসেবে ধরা হয়। ক্যালরির দিক থেকে দেখা যায়, ১০০ গ্রাম রান্না করা ভাতে প্রায় ১৩০ ক্যালরি থাকে। তবে পরিমাণ বেশি হলে ক্যালরিও দ্রুত বেড়ে যায়, যা ওজন নিয়ন্ত্রণে প্রভাব ফেলতে পারে। রাতের বেলায় বেশি ভাত খাওয়ার বিষয়ে বিশেষজ্ঞরা সতর্ক করেন। কারণ রাতে শরীরের কার্যক্রম কম থাকে, ফলে অতিরিক্ত কার্বোহাইড্রেট সহজে চর্বি হিসেবে জমে যেতে পারে। এছাড়া এটি দ্রুত হজম হওয়ায় পরদিন সকালে তাড়াতাড়ি ক্ষুধা লাগতে পারে। তাই রাতের খাবারে ভাতের বদলে রুটি, সবজি বা সালাদের মতো হালকা ও ফাইবারসমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়। প্রয়োজন হলে সাদা ভাতের পরিবর্তে ব্রাউন রাইসও বেছে নেওয়া যেতে পারে। সব মিলিয়ে, ভাত খাওয়া ক্ষতিকর নয়; বরং সঠিক সময়, পরিমাণ এবং উপযুক্ত চাল নির্বাচন করাই স্বাস্থ্য বজায় রাখার মূল বিষয়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া