ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবারের আসরে একমাত্র বাংলাদেশি হিসেবে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। চেন্নাইয়ের হয়ে শেষ পর্যন্ত খেলতে না পারলেও খেলেছেন বেশ কিছু ম্যাচ। এবার আসন্ন বিশ্বকাপ উপলক্ষে নিজেদের খেলোয়াড় মুস্তাফিজকে জানালো শুভেচ্ছা জানালো এই ফ্রাঞ্চাইজিটি।
মুস্তাফিজকে শুভেচ্ছা জানিয়ে চেন্নাইয়ের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে লিখেছে, জাতীয় দলের হয়ে (বাংলাদেশের জন্য) জ্বলে উঠুক ফিজ।
আইপিএলের এবারের আসরে চেন্নাইয়ের হয়ে মুস্তাফিজ খেলেছেন ৯টি ম্যাচ। উইকেট নিয়েছেন ১৪টি। আসরের প্রথম দিকের ম্যাচগুলোতে সর্বোচ্চ উইকেটশিকারির পার্পল ক্যাপও ছিল ফিজের দখলে। তবে জাতীয় দলের হয়ে খেলার জন্য আসরের মাঝপথে আইপিএল ছাড়তে হয়েছে এই পেসারকে।
আইপিএল থেকে ফিরে জিম্বাবুয়ে ও এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ খেলেছেন মুস্তাফিজ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিতেছেন সিরিজ সেরার পুরস্কার। গড়েছেন এক ম্যাচে ৬ উইকেট শিকারের রেকর্ডও।
আগামীকাল থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর।
টাইগারদের প্রথম ম্যাচ ৮ জুন ভোর সাড়ে ৬টায়। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে আরও তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। নেদারল্যান্ডস, নেপাল এবং দক্ষিণ আফ্রিকা বধে মাঠে নামবে নাজমুল হাসান শান্তর দল।
বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে নিজেদের ঝালিয়ে নেয়ার শেষ ম্যাচে আজ রাত ৮.৩০ টায় ভারতের মুখোমুখি হবে টাইগাররা।
নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।