ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের কোম্পানিগঞ্জ সড়কে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক শিশুর মৃত্যু হয়েছে। এতে মোটরসাইকেলের চালক শিশুটির বাবা গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে পৌরসভার নারায়ণপুর ফায়ার সার্ভিস অফিসসংলগ্ন নবীনগর টু কোম্পানিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটি উপজেলার সাতমোড়া ইউনিয়ন বাউছাইল গ্রামের সালাউদ্দিন সরকারের ছোট ছেলে সাইম সরকার (১১)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে উপজেলার নারায়নপুর ফায়ার সার্ভিস অফিসসংলগ্ন নবীনগর টু কোম্পানিগঞ্জ সড়কে সিমেন্টভর্তি একটি ট্রাক্টর বেপরোয়া গতিতে কোনাঘাটের দিকে যাচ্ছিল। এ সময় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেলের পিছনে বসে থাকা শিশু সাইম সরকার মারা যায়। গুরুতর আহত হন তার বাবা সালাউদ্দিন সরকার। স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
নবীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, খবর পেয়ে পুলিশ নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শিশুটির লাশের সুরতহাল প্রস্তুত করে। ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া মর্গে পাঠানো হবে। ঘটনার সঙ্গে জড়িত ট্রাক্টর চালক শাহ আলমকে পুলিশ আটক করেছে।