‘কী মিষ্টি মিষ্টি অপলক দৃষ্টি, অপরূপ সুন্দর লাগছে/ এই মনের গভীরে, যার ছবি আঁকা আছে, তুমি সেই সুন্দর চোখে ভাসছে’—নব্বই দশকে প্রচারিত জনপ্রিয় এই বিজ্ঞাপনচিত্রের জিঙ্গেলের সঙ্গে কমবেশি সবাই পরিচিত। এই বিজ্ঞাপনচিত্রের সেই সুদর্শন মডেলই পল্লব। এমন আরও অনেক বিজ্ঞাপনচিত্রে সে সময় তার ছিল উজ্জ্বল উপস্থিতি।
পল্লবকে একটি বিশেষ চরিত্রে দেখা গিয়েছিল বাংলাদেশের প্রথম প্যাকেজ নাটক ‘প্রাচীর পেরিয়ে’তে। পরবর্তীতে কয়েকশ’ নাটকে অভিনয় করলেও বিগত কয়েক বছর ধরে বিনোদন জগত থেকে বেশ দূরে আছেন তিনি।
প্রিয় বড় ভাই এবং বাবার মৃত্যুর পর মুষড়ে পড়েছিলেন পল্লব। প্রাণপ্রিয় মা’কে সময় দিয়েছেন। সাভারের একটি কারখানায় চাকরি করেন। চাকরির ফাঁকে মাঝে দীর্ঘ ১৫ বছরের বিরতি ভেঙে ওয়াজেদ আলী সুমনের ‘ছায়া’ সিনেমা দিয়ে অভিনয়ে ফেরেন। নতুন খবর হল এবার ঐতিহাসিক সিনেমা ‘অপারেশন জ্যাকপট’ দিয়ে ফের বড় পর্দায় আসছেন এই অভিনেতা।
সরকারি অনুদানে মুক্তিযুদ্ধের কাহিনি অবলম্বনে নির্মান চলছে সিনেমা ‘অপারেশন জ্যাকপট\'র। ছবিতে দেশে অনেক অভিনেতা-অভিনেত্রী কাজ করছেন। এবার সেই কাতারে নিজের নাম লিখালেন পল্লব। ছবিটিতে তাকে এসএম গুপ্তা চরিত্রে দেখা যাবে।
দীর্ঘদিন পর ক্যামেরার সামনে দাঁড়িয়ে শুটিং লোকেশন থেকে পল্লব বলেছিলেন, অনেক দিন পর কাজ করে ভালো লেগেছে। সেই ১৯৯১ সাল থেকে প্রায় ১৭ বছর টানা ক্যামেরার সঙ্গে দাঁড়িয়েছি। এ জায়গায়টি আমার অনেক দিনের চেনা। তাই আবার কাজ করতে এসে নতুন মনে হয়নি। চেনা জায়গায় ফিরে নিজের কাছে প্রশান্তি লাগছে।
প্রায় ২১ কোটি বাজেটের এই ছবিতে এক ভিন্ন রুপে দেখা যাবে আলোচিত অভিনেতা অনন্ত জলিলকে। ছবিটি পরিচালনা করছেন বাংলাদেশের স্বনামখ্যাত নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু ও ভারতের রাজীব চৌধুরী। ছবিতে বিভিন্ন চরিত্র অভিনয় করছেন, ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াত, ওমর সানী, মিশা সওদাগর, অমিত হাসান, নীরব, ইমন, নাদের চৌধুরী, শহীদুল ইসলাম সাচ্চু, ড্যানি সিডাক, খোরশেদ আলম খসরুসহ অনেকেই।
ঢাকার এফডিসিসহ বিভিন্ন লোকেশনে প্রথম লটের শুটিং শেষে বাকি শুটিং হবে গাজীপুরের বিভিন্ন স্পটসহ দেশের চার সমুদ্রবন্দরে। এছাড়া ভারত এবং ফ্রান্সের কিছু লোকশন নির্বাচন করা হয়েছে সিনেমার কাহিনি অনুসারে।
প্রসঙ্গত, পল্লবের শুরুটা হয়েছিল আফজাল হোসেনের পরিচালনায় গার্লিক অয়েল পণ্যের বিজ্ঞাপনচিত্রে অভিনয় করে। ১৯৯১ সালে এই বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে যখন তিনি অংশ নেন, তখন তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির অপেক্ষায়। একে একে শতাধিক বিজ্ঞাপনচিত্রে কাজ করেন পল্লব। তার বিপরীতে মডেল হয়েছেন অপি করিম, তারিন, রিয়া, সুইটি, মৌ, তানিয়াসহ অসংখ্য বড় তারকা। ছোটবেলা থেকে খেলাধুলায় আসক্ত পল্লব হুট করেই বিজ্ঞাপনচিত্রে কাজ শুরু করেন। এরপর কয়েক শ নাটকে অভিনয় করা হয়েছে তার।
বড় পর্দায় পল্লবের অভিষেক হয় নির্মাতা শাহীন সুমন পরিচালিত ‘বিয়ে বাড়ি’ নামের চলচ্চিত্র দিয়ে। ছবিটিতে পল্লবের সঙ্গে কাজ করেছেন শাকিব খান ও রোমানা।