কুষ্টিয়ায় নৌকায় ভোট না দিলে সুযোগ-সুবিধা ও ভাতা বন্ধের হুমকি দিলেন আ.লীগ নেতা

প্রকাশিতঃ ডিসেম্বর ২৪, ২০২৩ | ৫:০১ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের বর্তমান সংসদ সদস্য ও নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জকে নৌকা মার্কায় ভোট না দিলে সকল সুযোগ-সুবিধা ও ভাতা বাতিল হয়ে যাবে বলে হুমকি দিয়েছেন উপজেলার চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এনামুল হক মঞ্জু। শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর মিরপুর এলাকায় উঠান বৈঠকে বক্তব্য প্রদানকালে এমন হুমকি দেন তিনি। তার বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে। এ নিয়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা। নৌকার পক্ষে উঠান বৈঠকে উপস্থিত স্থানীয় শতাধিক নারী ও কার্ডধারীদের উদ্দেশে এনামুল হক মঞ্জু বলেন, ‘আপনাদের সন্তানরা সর্বোচ্চ শিক্ষা পর্যন্ত বিনা পয়সায় লেখাপড়া করতে পারছে। এটা জননেত্রী শেখ হাসিনার অবদান। নৌকা মার্কায় ভোট না দিলে এইসব সুযোগ-সুবিধা, ভাতা বাতিল হয়ে যাবে। অন্য কোনো ক্যান্ডিডেটরা ভোট চাইলে আপনারা বিভ্রান্ত হবেন না। তিনি আরো বলেন, ‘নৌকা প্রতীক দিয়ে খোকসা-কুমারখালীতে সেলিম আলতাফ জর্জকে পাঠানো হয়েছে। এই প্রতীক বাদে ভোট দিলে সব উন্নয়ন কিন্তু বন্ধ হয়ে যাবে। ভোট তো কাউকে না কাউকে দেওয়াই লাগবে। নৌকায় ভোট দিয়ে যদি এলাকার উন্নয়ন, বিভিন্ন ভাতা, আপনাদের ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচ এগুলো যদি করতে পারি, এগুলো বড় পাওয়া। আমরা নৌকার পক্ষে ভোট ভিক্ষা করতে এসেছি। আমরা সবাই নৌকায় ভোট দেব ইনশাআল্লাহ।’ তিনি বলেন, ‘অন্য কাউকে আপনারা ভোট দিতে পারবেন কিনা জানি না। তবে নৌকায় যারা ভোট দেবেন তাদের সমস্যা নেই। আপনারা ভোট আগে দেবেন, সেখানে মেম্বারসহ আমাদের লোক থাকবে। আপনাদের মাঝে কিন্তু আমরাই ছিলাম, আমরাই আছি। যারা ১০ টাকা কেজি চাল, টিসিবি পায়নি। তারা কালকেই পাবেন, তেল-চাল পাবেন। আমি মেম্বারের কাছে দিয়ে দেব। আর কোনো চাহিদা আছে?’ এ সময় উপস্থিত ছিলেন নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জের মা মমতাজ বেগম, তার স্ত্রী, কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা ফিরোজ আহমেদ, ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল উদ্দীন ও এলাকার বাসিন্দারা। এ বিষয়ে জানতে চাইলে বক্তব্যের বিষয়টি স্বীকার করে চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মঞ্জু আজ রবিবার সাংবাদিকদের বলেন, ‘শেখ হাসিনার সরকার, নৌকার সরকার ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে। আগামীতে বর্তমান সরকার বাদে অন্য কোনো সরকার এলে এগুলো বাদ হয়ে যাবে। এটা হুমকি না। অন্য কোনো সরকার ক্ষমতায় এলে এগুলো বাতিল হতেও তো পারে।’