শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত

প্রকাশিতঃ নভেম্বর ২০, ২০২৬ | ৯:২৪ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে সৃষ্ট নিরাপত্তাহীনতায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আসামিদের ট্রাইব্যুনালে আনা সম্ভব হয়নি। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলার বিচারকাজ এই পরিস্থিতির কারণে ব্যাহত হয়। বিজ্ঞাপন আসামিদের আদালতে হাজির করতে না পারায় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সময়ের আবেদন করেন। ট্রাইব্যুনাল সেই আবেদন মঞ্জুর করেছেন। এ বিষয়ে প্রসিকিউটর ফারুক আহাম্মদ জানান, গাজীপুরে শ্রমিক আন্দোলনের ফলে তৈরি হওয়া নিরাপত্তাজনিত সমস্যার কারণেই আসামিদের আদালতে আনা যায়নি। জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় ইমাম হাসান (তাইম) হত্যার মামলায় বৃহস্পতিবার যুক্তিতর্কের দিন ধার্য ছিল। আগামী ১ ডিসেম্বর এই মামলার যুক্তিতর্কের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই রাজধানীর উত্তরায় মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় করা মামলায় এদিন সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ছিল। একই সঙ্গে যাত্রাবাড়ীর আরেকটি মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানির জন্য দিন নির্ধারিত ছিল। এই দুটি মামলার পরবর্তী কার্যক্রম ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।