যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ও সরকারের অন্য কর্মকর্তাদের হত্যার চক্রান্ত করায় পাকিস্তানের এক নাগরিককে ২৭ বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়েছে। মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে গতকাল মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম আসিফ মার্চেন্ট। ব্রুকলিনের একটি আদালত জানান, ইরান–সংশ্লিষ্ট আসিফ প্রেসিডেন্ট ট্রাম্প কিংবা মার্কিন সরকারি কর্মকর্তাদের হত্যার জন্য ভাড়াটে খুনি নিয়োগ করার চেষ্টা করেছিলেন। মার্কিন বাহিনীর হামলায় ইরানের রেভোল্যুশনারি গার্ডের কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতেই তিনি এই চক্রান্ত করেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
২০২০ সালের জানুয়ারিতে ইরাকের বাগদাদ বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করে মার্কিন বাহিনী। বিদেশের মাটিতে ইরানের সামরিক অভিযান পরিচালনার দায়িত্বে থাকা সোলাইমানি হত্যার প্রতিশোধ নেওয়ার কথা ইরানের কর্মকর্তারা বারবার বলে আসছেন।
আদালতে আসিফ দাবি করেন, তাঁকে নির্দিষ্ট কাউকে হত্যার নির্দেশ কখনোই দেওয়া হয়নি। তবে তিনি জানান, পরিকল্পনাটির সঙ্গে জড়িত ইরানের একজন যোগাযোগকারী সম্ভাব্য টার্গেট হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ও জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালির নাম উল্লেখ করেছিলেন।
আসিফ আদালতকে জানিয়েছেন, তাঁর পরিবার তেহরানে থাকে। তাদের নিরাপত্তা নিশ্চিত করার ভাবনা থেকে তিনি বাধ্য হয়েই এ হত্যা পরিকল্পনার সঙ্গে জড়িয়েছেন বলে দাবি করেন। তিনি আরও বলেন, ‘এটাও ভেবেছিলেন, কাউকে হত্যা করার আগেই ধরা পড়ে যাবেন।’
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ গতকাল জোর দিয়ে বলেন, এই হত্যার পরিকল্পনার মূল লক্ষ্যই ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদালত আসিফকে ৩৩০ মাসের কারাদণ্ড দেওয়ার পর ব্ল্যাঞ্চ এক বিবৃতিতে বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চক্রান্ত সমন্বয়ের কাজে যুক্তরাষ্ট্রে আসা ইরানের এক এজেন্টকে তাঁর অপরাধের যথাযথ শাস্তি দেওয়া হয়েছে।’
টড ব্ল্যাঞ্চ আরও বলেন, ‘আমাদের নেতাদের বিরুদ্ধে বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীর কোনো হত্যার পরিকল্পনা বিচার বিভাগ সহ্য করবে না। এর জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় না আনা পর্যন্ত আমরা থামব না।’ এর আগে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছিলেন, আসিফের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ইরানের শাসকগোষ্ঠীর চেনা কৌশলের অংশ।
২০২৪ সালের ১২ জুলাই যুক্তরাষ্ট্র ছাড়ার প্রস্তুতি নেওয়ার সময় আসিফ মার্চেন্টকে গ্রেপ্তার করা হয়।