পোশাকশ্রমিকদের চলমান বিক্ষোভের মধ্যে আগামীকাল সোমবার নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হবে। এই সভায় মালিকপক্ষ তাদের মজুরি প্রস্তাব জমা দেবে। এর আগের সভায় শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকার ন্যূনতম মজুরি দাবি করে প্রস্তাব পেশ করেছিল।
বিজ্ঞাপন
মালিকদের দুই সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএর কয়েকজন নেতাদের সঙ্গে কথা বলে আভাস মিলেছে, মজুরি প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে অতীতের মতোই কৌশল নেবেন মালিকেরা। এই কৌশলের অংশ হিসেবে শুরুতে কম মজুরি প্রস্তাব করে পরে পরিস্থিতি বিবেচনায় তা বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের। গত পাঁচটি মজুরি বোর্ডে দেখা গেছে, শ্রমিকদের দাবির তুলনায় মালিকপক্ষ অর্ধেক বা তার চেয়ে কম মজুরি প্রস্তাব করেছিল। প্রতিবারই মালিকদের এই কম প্রস্তাব শ্রমিক আন্দোলনকে উসকে দিয়েছে। তবে শেষ পর্যন্ত আন্দোলন ও দর-কষাকষির মাধ্যমে প্রাথমিক প্রস্তাবের চেয়ে বেশি মজুরি দিতে মালিকপক্ষ সম্মত হয়েছে।
বর্তমানে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের ১ ডিসেম্বর এই মজুরিকাঠামো কার্যকর হয়। আগে পাঁচ বছর অন্তর মজুরি বোর্ড গঠিত হলেও, বর্তমান বিএনপি সরকার শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের সময়কাল কমিয়ে তিন বছর করেছে। সেই অনুযায়ী, আগামী ডিসেম্বর মাস থেকে নতুন মজুরিকাঠামো কার্যকর হওয়ার কথা রয়েছে।
সুইডেনভিত্তিক এইচঅ্যান্ডএম গ্রুপের গত মার্চের হালনাগাদ তথ্য অনুযায়ী, চীন, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, পাকিস্তান, ভারত ও তুরস্ক—এই সাত দেশে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বাংলাদেশের চেয়ে বেশি। এইচঅ্যান্ডএম-এর তথ্যানুযায়ী, বাংলাদেশে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১০২ মার্কিন ডলার। বিপরীতে ভারতে ১২৪ ডলার, পাকিস্তানে ১৩৫ ডলার, ভিয়েতনামে ১৬৩ ডলার, ইন্দোনেশিয়ায় ১৭২ ডলার, কম্বোডিয়ায় ২০৮ ডলার এবং চীনে ২৯৪ ডলার। এছাড়া দেশের ট্যানারি, জাহাজভাঙা, স মিল ও নির্মাণ—এই চার খাতে ন্যূনতম মজুরি পোশাকশিল্পের চেয়ে বেশি।
সর্বশেষ ২০২৩ সালের মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি ২০ হাজার ৩৯৩ টাকা ন্যূনতম মজুরি দাবি করেছিল। এর বিপরীতে মালিকপক্ষ ১০ হাজার ৪০০ টাকার মজুরি প্রস্তাব দেয়। এই প্রস্তাবের পরদিন থেকেই মিরপুর, নারায়ণগঞ্জ, সাভার–আশুলিয়া ও গাজীপুরে আন্দোলন ছড়িয়ে পড়ে। তিন সপ্তাহের এই আন্দোলনে রাসেল হাওলাদার, ইমরান, জালাল উদ্দিন ও আঞ্জুয়ারা খাতুন নামের চারজন পোশাকশ্রমিক মারা যান। সে সময় ২০০ কারখানা বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। আন্দোলনের মুখে মালিকপক্ষ আগের প্রস্তাবের চেয়ে ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা মজুরির প্রস্তাব দেয়, যা পরে চূড়ান্ত হয়।
বিজ্ঞাপন
পোশাকশিল্পের শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে আন্দোলন করছেন। শ্রমিক আন্দোলনের মুখে ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। গত সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেন। আগামীকাল সকালে বোর্ডের তৃতীয় সভায় মজুরি প্রস্তাব দেওয়ার বিষয়টি গতকাল শনিবার চূড়ান্ত করেছে মালিকপক্ষ। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বুধবার বিজিএমইএর সাবেক কয়েকজন সভাপতির সঙ্গে বর্তমান সভাপতির বৈঠকে মজুরি প্রস্তাবের বিষয়ে সমর্থন নেওয়া হয়েছে।
এদিকে গতকাল বিজিএমইএ এবং বিকেএমইএর যৌথ মতবিনিময় সভায় অধিকাংশ মালিক জানান, ১৪ হাজার টাকার বেশি মজুরি দিলে কারখানা চালানো কঠিন হবে। কারণ হিসেবে তাঁরা বলেন, মজুরি বাড়লেও ক্রেতারা পোশাকের দাম বাড়ান না। বিজিএমইএর একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, শেষ পর্যন্ত তারা ১৫ হাজার টাকার আশপাশে প্রাথমিক মজুরি প্রস্তাব দিতে পারে। পরে দর–কষাকষিতে প্রয়োজনে তা বাড়ানো হতে পারে এবং বাড়তি খরচ সামাল দিতে সরকারের কাছে সুবিধা আদায়ের চেষ্টা করবেন মালিকেরা।
জানতে চাইলে আজ রোববার বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘আমরা আগামীকাল মজুরি বোর্ডের সভায় মজুরি প্রস্তাব দেব।’ তবে কত টাকার প্রস্তাব দেবেন, সে বিষয়ে জানতে চাইলে কোনো কথা বলতে চাননি সভাপতি।