বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শাস্তির দাবিতে মানববন্ধন

প্রকাশিতঃ নভেম্বর ১৬, ২০২৬ | ৬:৪৯ পূর্বাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

বগুড়া শহরের নারুলী এলাকায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনজনকে আসামি করে রোববার বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী শিশুটিকে বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। বিজ্ঞাপন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল চারটার দিকে শিশুটি নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায়ে রাহুলের দাদার বাড়িতে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। ঘটনার পর অভিযুক্ত রাহুল পালিয়ে গেলেও স্থানীয়রা তাঁর দাদা ও দাদিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানিয়েছেন, অভিযুক্ত রাহুল পলাতক রয়েছেন। তবে মামলার অন্য দুই আসামি অর্থাৎ রাহুলের দাদা ও দাদিকে গ্রেপ্তার করে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে এ ঘটনার প্রতিবাদে রোববার বিকেলে নারুলী এলাকায় মানববন্ধন করেছেন স্থানীয়রা। এতে অন্যদের মধ্যে বগুড়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির সভাপতি রুস্তম আলী বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা মূল অভিযুক্ত রাহুলকে অবিলম্বে গ্রেপ্তার ও তাঁর ফাঁসির দাবি জানান।