ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত

প্রকাশিতঃ নভেম্বর ১৫, ২০২৬ | ৮:৩৭ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে চট্টগ্রামের রাউজানে মোহাম্মদ মুরাদ (৩৩) নামের এক ব্যবসায়ীকে তার নিজ দোকানে ঢুকে ছুরিকাঘাত করা হয়েছে। শনিবার, ১৪ই নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাণিজ্যিক প্রাণকেন্দ্র নোয়াপাড়া পথেরহাটের ব্যস্ততম আমির মার্কেটে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত মুরাদকে উদ্ধার করে চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। আকস্মিক এই হামলায় পুরো মার্কেট ও আশপাশের এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে; নিরাপত্তাহীনতায় ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে দোকানপাট বন্ধ করে দেন। আহত মোহাম্মদ মুরাদ নোয়াপাড়া ইউনিয়নের পটিয়াপাড়া গ্রামের শামশুল আলম সওদাগরের ছেলে। তিনি আমির মার্কেটের ১ নম্বর গলির ‘মৌসুমী স্টোর’ নামের একটি কাপড় ও কসমেটিকস দোকানের স্বত্বাধিকারী। হামলায় অভিযুক্ত মোহাম্মদ সাব্বির (৩৪) একই গ্রামের মো. শফির ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যার দিকে অভিযুক্ত সাব্বির ব্যবসায়ী মুরাদকে ধাওয়া করেন। প্রাণ বাঁচাতে মুরাদ দৌড়ে আমির মার্কেটে নিজের দোকানের ভেতরে আশ্রয় নেন। কিন্তু পিছু ধাওয়া করে সাব্বিরও দোকানে ঢুকে পড়েন এবং ‘ছবি কেন ডিলিট করিসনি’ বলে চিৎকার করে মুরাদের পেটে ছুরিকাঘাত করেন। হামলা চালিয়েই সাব্বির দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে আশপাশের ব্যবসায়ী ও পথচারীরা রক্তাক্ত অবস্থায় মুরাদকে উদ্ধার করে দ্রুত নগরীর এভারকেয়ার হাসপাতালে পাঠান। ব্যস্ততম সন্ধ্যার সময় প্রকাশ্য দিবালোকে দোকানে ঢুকে ছুরিকাঘাতের ঘটনায় আমির মার্কেটজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মার্কেটে কেনাকাটা করতে আসা নারীসহ সাধারণ ক্রেতারা প্রাণভয়ে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার আশঙ্কায় ব্যবসায়ীরা দ্রুত শাটার নামিয়ে দোকানপাট বন্ধ করে দেন। ফলে পথেরহাটের ব্যস্ত এই বাণিজ্যিক এলাকায় সাময়িক স্থবিরতা নেমে আসে। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত মোহাম্মদ সাব্বির পলাতক থাকায় এবং তার মুঠোফোন বন্ধ থাকায় এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. আনিসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে পুলিশ পৌঁছানোর আগেই গুরুতর আহত ব্যবসায়ীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসআই আনিসুজ্জামান আরও বলেন, “প্রাথমিক তদন্তে জানা গেছে, ফেসবুকে একটি পোস্ট ও ছবি দেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে কয়েক দিন ধরেই বিরোধ চলছিল। আহত ও অভিযুক্ত দুজনই একই গ্রামের বাসিন্দা। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযুক্ত সাব্বিরকে গ্রেপ্তারের লক্ষ্যে সম্ভাব্য বিভিন্ন স্থানে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”