রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা

প্রকাশিতঃ নভেম্বর ১৫, ২০২৬ | ৬:১৬ পূর্বাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

৬ নভেম্বর সকাল আটটা। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উত্তর রোয়াইল গ্রামের রামকৃষ্ণ সেবাশ্রমের একতলা ভবনের মিলনায়তনের মেঝেতে সারিবদ্ধভাবে বসে আছে প্রায় ২০০ শিক্ষার্থী। সেদিন ছিল আবৃত্তি, ইংরেজি বানান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মধ্য থেকে ৪০ জনের মতো অংশ নেয়, যেখানে মুসলিম ও সনাতন ধর্মাবলম্বী সব শিক্ষার্থীই উপস্থিত ছিল। বিজ্ঞাপন তিন বিভাগে মোট নয়জন বিজয়ীকে পুরস্কার হিসেবে জ্যামিতি বাক্স, কলম ও পেনসিল দেওয়া হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম হওয়া শিক্ষার্থী এঁকেছে মসজিদ, দ্বিতীয়জন মন্দির ও তৃতীয়জন স্বামী বিবেকানন্দের ছবি। প্রতিযোগিতা শেষে মিলনায়তনের এক পাশে রাখা খাবার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। প্রতি মাসের প্রথম শুক্রবার এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। চিত্রাঙ্কনে প্রথম হওয়া উপজেলা সদরের রামকৃষ্ণ মিশন কেজি স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তাসরীফ সরকার জানায়, ‘আমরা সবাই ছাত্র। এই সেবাশ্রমে প্রতিযোগিতায় এসে ভালো লাগছে।’ একই স্কুলের শিক্ষার্থী ও আবৃত্তিতে তৃতীয় হওয়া নাফিসা আক্তার জানায়, সে মাঝেমধ্যে এখানে আসে এবং নানা প্রতিযোগিতায় অংশ নেয়। এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সেবাশ্রমের উদ্যোক্তা প্রকাশ চন্দ্র চক্রবর্তীর বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ভবানীপুর গ্রামে। তিনি মির্জাপুরের উয়ার্শী ইউনিয়নের উত্তর রোয়াইল গ্রামে মামা মেঘলাল চক্রবর্তীর বাড়িতে থেকে পড়াশোনা করেছেন। মেঘলাল ছিলেন উয়ার্শী এম ইয়াছিন অ্যান্ড ইউনুস আলী খান উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। ওই স্কুল থেকে ১৯৮৬ সালে মাধ্যমিক পাস করে প্রকাশ চন্দ্র ঢাকার নটর ডেম কলেজে ভর্তি হন। কলেজের হোস্টেলে থাকার সময় ঢাকার রামকৃষ্ণ সেবাশ্রমের বড় মহারাজ অক্ষরানন্দ মহারাজের সান্নিধ্য পান প্রকাশ চন্দ্র। ১৯৮৮ সালে উচ্চমাধ্যমিক পাস করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞানে ভর্তি হন। অক্ষরানন্দ মহারাজের উদ্যোগে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক শেষ করা সম্ভব হয়নি। ১৯৯১ সালে যুক্তরাষ্ট্রে চলে যান এবং সেখানে স্নাতক ও স্নাতকোত্তর শেষে নিরীক্ষা কর্মকর্তা হিসেবে যোগ দেন। বিজ্ঞাপন ১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রে ‘স্বামী বিবেকানন্দ স্টাডি অ্যান্ড ফিলানথ্রপিক সেন্টার অব নিউ ইয়র্ক’ গড়ে তোলেন প্রকাশ চন্দ্র। নিজের ছোটবেলার স্মৃতি ধরে রাখতে মামার বাড়ির এলাকায় তিনি একটি সেবামূলক প্রতিষ্ঠান করতে চেয়েছিলেন। অক্ষরানন্দ মহারাজের মাধ্যমে উত্তর রোয়াইলে গড়ে ওঠে রামকৃষ্ণ সেবাশ্রম। ২০১৯ সালের ৯ মার্চ একটি কোচিং সেন্টার দিয়ে সেবাশ্রমের যাত্রা শুরু হয়। সেবাশ্রমের দায়িত্বে থাকা স্বামী হরিহরানন্দ ওরফে বিবেক মহারাজ বলেন, ‘যত মত, তত পথ’ এবং ‘জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর’—এই আদর্শ সামনে রেখে সেবাশ্রমের সারদা–নিবেদিতা শিশু নিকেতনে প্রথম থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা দেওয়া হয়। পাশাপাশি তাদের মেধা বিকাশে নানা কার্যক্রম পরিচালনা করা হয়। শিশু নিকেতনে প্রতি শুক্রবার সকাল সাড়ে সাতটা থেকে সকাল সাড়ে নয়টা পর্যন্ত ক্লাস চলে। এই কার্যক্রমে মির্জাপুরের রোয়াইল, উয়ার্শী, দোপাটিয়া, বরুটিয়া, ঘুগী, ভাওড়া, খৈলসিন্দুর, সরিষাদাইড়, দেওহাটা, সাহাপাড়া, ভাতগ্রাম, আন্ধরা ও বাইমহাটী এবং পাশের ধামরাই উপজেলার চৌহাট, বালিয়া, গবড়া, জেঠাইল, বাংগলা ও ঝিকুটিয়া এলাকার ২০০ শিক্ষার্থী অংশ নেয়। তাদের সকালের খাবার দেওয়া হয় এবং এখানে কোনো ধর্মীয় বিভেদ থাকে না। এছাড়া ষষ্ঠ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য সেবাশ্রমের স্বামী সাহানন্দ ফ্রি কোচিং সেন্টারে সপ্তাহে তিন দিন—বৃহস্পতি, শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিনা মূল্যে ক্লাস হয়। প্রায় ৫০ শিক্ষার্থী এখানে পড়ে এবং তাদের পড়ান নয়জন শিক্ষক। কোচিং সেন্টারের শিক্ষক মো. সুমন মিয়া বলেন, ‘আমরা এখান থেকে নামমাত্র সম্মানী নিই। মূলত মানবতার জন্য আমি এখানে পাঠদান করি। এখানে হিন্দু–মুসলিম কোনো ভেদাভেদ নেই। শৃঙ্খলা ও নৈতিক শিক্ষাকেই আমরা বড় করে দেখি।’ বিজ্ঞাপন স্বামী হরিহরানন্দ জানান, সেবাশ্রম প্রতিষ্ঠার পর ২০১৯ সাল থেকে এ পর্যন্ত ৩৫০ জন নারীকে সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ ছিল তিন মাস ও ছয় মাস মেয়াদি। তাদের মধ্যে ১২ জনকে বিনা মূল্যে সেলাই মেশিন দেওয়া হয়েছে। এছাড়া ২০১৯ সাল থেকে ১৪ জন বিধবাকে প্রতি মাসে ৫০০ টাকা করে ভাতা দেওয়া হচ্ছে এবং ঈদের সময় দরিদ্রদের মধ্যে চিনি ও সেমাই বিতরণ করা হয়। সেবাশ্রম থেকে করোনাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০ জন নারী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া টাঙ্গাইলের কুমুদিনী মেডিকেল কলেজসহ বিভিন্ন মেডিকেল কলেজের ১৫ জন শিক্ষার্থীর এমবিবিএস পর্যন্ত পড়াশোনার ব্যয় বহন করা হয়েছে। হরিহরানন্দ জানান, সেবাশ্রমে গড়ে প্রতি মাসে খরচ হয় এক লাখ টাকা। এর বেশির ভাগ দেন প্রকাশ চন্দ্র এবং বাকি অংশ আসে ঢাকার রামকৃষ্ণ সেবাশ্রম থেকে। উত্তর রোয়াইল গ্রামের ফুলমালা রায়ের স্বামী মারা গেছেন প্রায় সাত বছর আগে। সেবাশ্রম থেকে প্রতি মাসে পাওয়া ৫০০ টাকায় দুই ছেলেকে নিয়ে সংসার চালাতে কিছুটা স্বস্তি পান তিনি। এছাড়া একই গ্রামের যমুনা সূত্রধর নামে এক নারীর ভাঙা একচালা ঘর ছিল। প্রায় দুই বছর আগে প্রকাশ চন্দ্রের সহায়তায় সেবাশ্রম থেকে তাঁকে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।