নতুন নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে ওমান

প্রকাশিতঃ মে ২, ২০২৪ | ১১:১৮ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

নতুন নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চায় ওমান। এই গুরুদায়িত্ব দেওয়া হয়েছে ব্যাটিং অলরাউন্ডার আকিব ইলিয়াসকে। নেতৃত্ব হারালেও দলে জায়গা ধরে রেখেছেন জিশান মাকসুদ। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের আট জন আছেন এবারের দলে। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বৈশ্বিক আসরের জন্য বুধবার ১৫ সদস্যের দল ঘোষণা করে ওমান। দলে জায়গা পাননি দলটির তারকা ব্যাটসম্যানদের একজন জাতিন্দার সিং ও লেগ স্পিনার সামায় শ্রিভাস্তাভ। পেসার সুফিয়ান মেহমুদ ও অফ স্পিনার জায় ওডেড্রার সঙ্গে এই দুইজনকে রাখা হয়েছে রিজার্ভ হিসেবে। ওমানের জার্সিতে ৫২ টি-টোয়েন্টি খেলা জাতিন্দারের সাম্প্রতিক পারফরম্যান্স মোটেও ভালো নয়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২ ম্যাচ আগে ফিফটির দেখা পেয়েছিলেন তিনি। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ওমানকে নেতৃত্ব দিয়ে আসছিলেন জিশান। ২০২১ সালেও তার অধিনায়কত্বে খেলেছিল মধ্যপ্রাচ্যের দলটি। আগামী ১ জুন শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের দ্বিতীয় দিন বারবাডোসে নামিবিয়া ম্যাচ দিয়ে আসর শুরু করবে ওমান। ‘বি’ গ্রুপে তাদের সঙ্গী অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নামিবিয়া ও স্কটল্যান্ড। ওমান বিশ্বকাপ দল: আকিব ইলিয়াস (অধিনায়ক), জিশান মাকসুদ, কাশ্যাপ প্রজাপতি, প্রাতিক আথাভেল (উইকেটরক্ষক), আয়ান খান, শোয়েব খান, মোহাম্মাদ নাদিম, খালিদ কাইল, নাসিম খুশি, মেহরান খান, বিলাল খান, রাফিকউল্লাহ, কালিমউল্লাহ, ফায়াজ বাট, শাকিল আহমেদ। রিজার্ভ: জাতিন্দার সিং, সামায় শ্রিভাস্তাভ, সুফিয়ান মেহমুদ, জায় ওডেড্রা।