অতিরিক্ত ভাড়া আদায়, চালক-হেলপারকে পিটিয়ে হত্যা

প্রকাশিতঃ এপ্রিল ৯, ২০২৪ | ১০:৫৫ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

জানা যায়, সাভারের আশুলিয়ায় অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে যাত্রীদের মারধরে আহত বাসচালক ও সহকারী মারা গেছেন। গতকাল সোমবার (৮ এপ্রিল) রাতে গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই ব্যক্তির মৃত্যু হয়। এর আগে দুপুর আড়াইটার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের ঢাকা রফতানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (ডিইপিজেড) এ মারধরের ঘটনা ঘটে। নিহতরা হলেন- ইতিহাস পরিবহনের বাসচালক সোহেল রানা বাবু (২৬) ও হেলপার হৃদয় (৩০)। বাসচালক সোহেল মিরপুরের ফুরকান হোসেনের ছেলে। অপরদিকে হেলপার হৃদয় ময়মনসিংহ ফুলপুর এলাকার আবুল কাশেমের ছেলে। আশুলিয়া থানার ওসি এএফএম সায়েদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাড়তি ভাড়া চাওয়ায় যাত্রীদের হামলার শিকার হন ইতিহাস পরিবহনের চালক ও হেলপার। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য নিহত দু’জনের লাশ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।