কিশোরগঞ্জে খুনের ঘটনায় সাবেক ও বর্তমান চেয়ারম্যানসহ ১২ জন আটক

প্রকাশিতঃ এপ্রিল ৬, ২০২৪ | ২:২০ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

কিশোরগঞ্জের অষ্টগ্রামে একতার মিয়া (৫৫) খুনের ঘটনায় খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আনোয়ার খাঁ ও সাবেক চেয়ারম্যান মুক্তার খাঁসহ (দুই চাচাতো ভাই) ১২ জনকে আটক করা হয়েছে। একতার মিয়া উত্তর আব্দুল্লাহপুর (বাইন্না বাড়ি) গ্রামের সামেদ মিয়ার ছেলে। শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়নের বর্তমান আনোয়ার খাঁ ও সাবেক চেয়ারম্যান মুক্তার খাঁর গ্রুপের মধ্যে ইতালিতে ঝগড়া হয়। পরে এ ঝগড়াকে কেন্দ্র করে আব্দুল্লাহপুর গ্রামে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় একতার মিয়া (৫৫) নামে একব্যক্তি ঘটনাস্থলে নিহত হন। অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বর্তমান ও সাবেক এ দুই চেয়ারম্যানসহ ১২ জনকে আটক করা হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। অভিযোগ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।