এক যুগ পর মুস্তাফিজদের আঙিনায় আইপিএলের এবারের ফাইনাল

প্রকাশিতঃ মার্চ ২৬, ২০২৪ | ৯:৫৪ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

এক যুগ পর আইপিএলের ফাইনাল আয়োজনের সুযোগ পেয়েছে চেন্নাই। আগামী ২৬ মে চিপকের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে হবে বিশ্বের সবচেয়ে আকর্ষনীয় এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের চলতি আসরের শিরোপা নির্ধারণী ম্যাচটি। এবারের আসরের দ্বিতীয় ভাগের সূচি সোমবার ঘোষণা করা হয়। আগামী ৮ এপ্রিল চেন্নাই ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্টের দ্বিতীয় অংশ। এই ধাপে প্লে-অফসহ ম্যাচ হবে মোট ৫২টি। গত ফেব্রুয়ারিতে আইপিএলের প্রথমভাগের সূচি প্রকাশ করে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। ২২ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত দেওয়া হয় ২১ ম্যাচের সূচি। তখন জানানো হয়েছিল, ভারতের জাতীয় নির্বাচনের দিনক্ষণ প্রকাশ করার পর টুর্নামেন্টের দ্বিতীয়ভাগের সূচি দেওয়া হবে। এর আগে দুইবার আইপিএল ফাইনালের আয়োজক ছিল চেন্নাই, ২০১১ ও ২০১২ সালে। দুইবারই ফাইনাল খেলেছিল চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠে ২০১১ আসরের শিরোপা জিতেছিল তারা। এবার এই দলটির হয়ে প্রথমবারের মতো খেলছেন মুস্তাফিজুর রহমান। প্রথম ম্যাচেই দলের জয়ে অগ্রণী ভূমিকা রাখেন এই বাংলাদেশি পেসার। টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ারও হবে চেন্নাইয়ে, আগামী ২৪ মে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে যথাক্রমে আগামী ২১ ও ২২ মে হবে প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেট। গত দুই আসরের ফাইনাল হয়েছিল আহমেদাবাদে। ১০ দলের মূল হোম ভেন্যু ছাড়াও এবার টুর্নামেন্টের দুটি করে ম্যাচ হবে বিশাখাপাত্নাম, ধারামশালা এবং গুয়াহাটিতে। বিশাখাপাত্নাম দিল্লি ক্যাপিটালসের দ্বিতীয় হোম ভেন্যু, পাঞ্জাব কিংসের ধারামশালা ও রাজস্থান রয়্যালসের গুয়াহাটি। গুয়াহাটিতে আগামী ১৯ মে রাজস্থান ও কলকাতার ম্যাচ দিয়ে শেষ হবে আইপিএলের লিগ পর্ব।