সময়ের সেরা মিডফিল্ডারদের একজন অ্যালিক্সিস ম্যাক অ্যালিস্টার। লিভারপুলের হয়ে দুর্দান্ত মৌসুম কাটাচ্ছেন এই আর্জেন্টাইন। ক্লাবটির অন্যতম সেরা খেলোয়াড়ও বিশ্বকাপজয়ী এই তারকা। বর্তমানে আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের সঙ্গে থাকা এই ফুটবলার সম্প্রতি ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন লিভারপুল ও আর্জেন্টিনা দলের অনেক কিছু নিয়ে।
সেখানেই এক প্রশ্নের জবাবে ম্যাক বলেছেন, লিওনেল মেসি দলে না থাকা মানে দলের সবাইকে বাড়তি দায়িত্ব নিয়ে খেলা। মেসি দলে থাকলে প্রতিপক্ষ দল একটু ভীতু হয়, আর এটাই স্বাভাবিক।
এল সালভাদরকে ৩-০ গোলে হারানোর পর বুধবার সকালে কোস্টারিকার মুখোমুখি হবে আর্জেন্টিনা। চোটের কারণে এই ম্যাচেও খেলতে পারবেন না মেসি। এই ম্যাচের আগে ইএসপিএনকে সাক্ষাৎকারটি দেন ম্যাক অ্যালিস্টার।
মেসি না থাকলে দলের উপর তা কেমন প্রভাব পড়ে? এমন প্রশ্নে ম্যাক অ্যালিস্টার বলেন, ‘লিও (মেসি) না থাকলে আমাদের আরও শক্তিশালী হতে হবে। কারণ, এর অর্থ হলো আমাদের সেই খেলোয়াড়টি নেই, ভুল হলে যে আমাদের বাঁচাতে পারে। অন্যদিকে মেসির উপস্থিতিতে আমাদের প্রতিপক্ষরা একটু বেশি ভীতু হয়ে পড়ে, যা কিনা স্বাভাবিকও। পাশাপাশি আমাদের এমন খেলোয়াড়ও আছে, যারা ইউরোপের বড় ক্লাবে খেলে। ফলে প্রতিপক্ষ যখন আর্জেন্টিনা দলকে দেখে, তারা জানে যে এটা সহজ ম্যাচ হবে না।’
কিছুদিন আগে আর্জেন্টিনা দলের কোচের পদ থেকে লিওনেল স্কালোনির সরে যাওয়ার গুঞ্জন ওঠে। তখন দলের সবাই ব্যাপারটা কীভাবে নিয়েছিলেন? এমন প্রশ্নে তিনি বলেন, ‘এটা আমাদের সবাইকে বিস্মিত করেছিল। কিন্তু এটা এমন কিছু, যাকে আমাদের সম্মান করতে হতো। নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবার জন্য তাকে সময় নিতে হয়েছিল। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে সে আমাদের সঙ্গে থেকে গেছে।’
ম্যাক আলিস্টারকে অনেকেই এই সময়ের অন্যতম সেরা মিডফিল্ডার মনে করেন। বিষয়টি নিয়ে অবশ্য ভাবতে চান না ম্যাক অ্যালিস্টার, ‘বিষয়টা নিয়ে আমি কিছুটা বিব্রত এবং এটার ওপর আমি বিশেষ মনোযোগও দিতে চাই না। আমি সুস্থির থাকার চেষ্টা করি। তবে এটা জানি যে আমি দারুণ অবস্থায় আছি, দারুণ একটি ক্লাবে আছি এবং এমন সতীর্থদের সঙ্গে খেলছি, যারা আমাকে আরও ভালো হওয়ার জন্য প্রতিদিন অনেক সহায়তা করে।’