তিন দিনের শিশু সন্তান নিয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন বৃষ্টি আক্তার (১৬) নামের এক শিক্ষার্থী। আজ রবিবার (১৮ ফেব্রুয়ারি) কলমাকান্দা সরকারি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরীক্ষা কক্ষে প্রবেশকালে বৃষ্টি তার শিশু সন্তানকে বাইরে এক আত্মীয়ের কাছে রেখে যান। তবে দুই ঘণ্টা যেতেই বৃষ্টি অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
এখন তিনি চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক সূত্র জানায়, গত দেড় বছর আগে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টেকেরঘাট এলাকার মোঃ শাহজাহান মিয়ার সঙ্গে বৃষ্টি আক্তারের বিয়ে হয়। এরপর তিনি অন্তঃসত্ত্বা হন। এর মধ্যে ১৫ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হয়।
ওই অবস্থায় তিনি তার বাবা মোঃ বজলুর রহমানের বাড়ি কলমাকান্দা সদরের ঘোষপাড়া এলাকা থেকে পরীক্ষায় অংশ নেন। পরে ওইদিন বিকেলে প্রসববেদনা উঠলে তাকে নেত্রকোনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। সেখানেই তিনি ছেলে সন্তান জন্ম দেন।
কলমাকান্দা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও পরীক্ষা কেন্দ্র সচিব আবুল কালাম মোহাম্মদ এমদাদুর রহমান বলেন, ‘বৃষ্টি এই বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের একজন পরীক্ষার্থী।
আজ ছিল বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা। পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে সে তিনদিনের শিশু সন্তান নিয়ে পরীক্ষাকেন্দ্রে আসে। পরে মানবিক কারণে পরীক্ষার সব নিয়ম মেনে শিশুটির নিরাপত্তা দেওয়া হয়েছে। তাছাড়া কেন্দ্রে একটি মেডিকেল টিম ছিল। পরীক্ষার দুই ঘণ্টা পর বৃষ্টি অসুস্থতা বোধ করলে তাকে মেডিকেল টিমের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।