পাকিস্তানকে অস্থিতিশীলতা থেকে রক্ষা করার জন্য \'রাজনৈতিক সহযোগিতায়\' সম্মত হয়েছে পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ (পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। রোববার রাতে দুই দলের মধ্যে আনুষ্ঠানিক বৈঠকে তারা এ ব্যাপারে সমঝোতায় পৌঁছেছেন। আজ সোমবার তারা সরকার গঠন প্রশ্নে সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে।
গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনের প্রেক্ষাপটে রোববার রাতেই দল দুটি প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠকে বসে। এর আগে তারা অবশ্য কয়েক দফা অনানুষ্ঠানিক বৈঠক করে। পিএমএল-এন সভাপতি শাহবাজ শরিফের নেতৃত্বে দলটির বেশ কয়েকজন সিনিয়র নেতা লাহোরে বিলওয়াল হাউসে যান।
সরকার গঠন প্রশ্নে পিপিপির কো-চেয়ারম্যান আসিফ জারদারি, পিপিপির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো-জারদারি এবং শাহবাজ শরিফ আলোচনা করেন।
পিপিপি নেতারা পিএমএল-এনকে জানান যে তারা সরকার গঠন প্রশ্নে সিদ্ধান্ত নিতে দলকে সিইসি সভা ডাকতে হবে।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন আজম নাজির তারার, আয়াজ সাদিক, আহসান ইকবাল, রানা তানভির, খাজা সাদ রফিক, মালিক আহমদ খান, মরিয়ম আওরঙ্গজেব, শিজা ফাতিমা।
বৈঠকে বলা হয়, সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদের ভোট দিয়েছে। আমরা জনগণকে হতাশ করব না।