পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ের সময় উঠে গিয়েছিলেন আহত অবসর হয়ে। পরে আর ফিরতে পারেননি। এবার দলের পক্ষ থেকে জানানো হলো, পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন কেইন উইলিয়ামসন।
ম্যাচে উইলিয়ামসনের অনুপস্তিতিতে নেতৃত্ব দিয়েছিলেন টিম সাউদি। বাকি তিন ম্যাচে দলের নেতৃত্বে কে থাবকেন তা জানানো হয়নি। এর আগে উইলিয়ামসনের অনুপস্থিতিতে মিচেল স্যান্টনারও নেতৃত্ব দিয়েছেন দলকে।
রোববার হ্যামিল্টনে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের সময় মাঠে ফিজিও ডেকে হ্যামস্ট্রিংয়ে চিকিৎসা নিতে দেখা যায় উইলিয়ামসনকে। এ সময় তিনি তিন চার ও এক ছয়ে ১৫ বলে ২৬ রানে ব্যাট করছিলেন। একপর্যায়ে মাঠ ছেড়েই উঠে যান তিনি। দলের পক্ষ থেকে জানানো হয়, ম্যাচে আর মাঠে নামবেন না উইলিয়ামসন। ম্যাচটি ২১ রানে জিতে সিরিজে ২-০ ব্যাবধানে এগিয়ে যায় কিউইরা।
গত বছর আইপিএলে খেলতে নেমে প্রথম ম্যাচেই হাঁটুতে চোট পেয়েছিলেন উইলিয়ামসন। এর জন্য অস্ত্রোপচারও করাতে হয়। তার পর থেকে তিনি দীর্ঘদিন ক্রিকেট মাঠ থেকে দূরে ছিলেন। গত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে দলে ফিরার ম্যাচে আঙুলের চোটে ফের ছিটকে যান উইলিয়ামসন। এরপর বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে ফিরলেও টি-টোয়েন্টিতে খেলেননি। পাকিস্তানের বিপক্ষে ফেরার পর আবারও ছিটকে গেলেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার।
নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিডের বরাত দিয়ে নিউজিল্যান্ড হেরাল্ড জানিয়েছে, পাকিস্তানের বিপক্ষে সিরিজের বাকি অংশেই আর মাঠে নামার সম্ভাবনা নেই উইলিয়ামসনের। সিরিজের শেষ তিনটি ম্যাচ যথাক্রমে ১৭, ১৯ ও ২১ জানুয়ারি। আগামী ৪ ফেব্রুয়ারি শুরু হবে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের টেস্ট সিরিজ।
মূলত টেস্টের আগে দল বাড়তি ঝুঁকি নিতে চাইনি বলে জানান কোচ, ‘টেস্ট ম্যাচের খুব বেশি দেরি নেই। যেটা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমাদের চেষ্টা থাকবে তাকে যেন টেস্টে ঠিকঠাকভাবে পাই।’
উইলিয়ামসনের বদলি হিসেবে এরই মধ্যে দলে এসেছেন উইল ইয়াং। টপ অর্ডার এই ব্যাটসম্যানকে ডাকা হয়েছিল সিরিজের তৃতীয় টি-টোয়েন্টির জন্য। এখন বাকি দুই ম্যাচেও তাঁকে দলের সঙ্গে রাখতে হবে।