বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমা অংশ নিয়ে বহু পুরস্কার জিতেছেন। এছাড়া একাধিক উৎসবে বিচারকের দায়িত্ব পালন করেছেন তিনি। এবার ফ্রান্সের ‘ভসুল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব এশিয়ান সিনেমা’ শিরোনামের একটি উৎসবে বিচারক হলেন এই নির্মাতা। সোমবার (৮ জানুয়ারি) সামাজিক বার্তার মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছে উৎসব কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক এই উৎসবের জুরি হতে পেরে উচ্ছ্বসিত ফারুকী। বললেন, ‘এই বছরের জুরি বোর্ডের সদস্য হতে পেরে সম্মানিত বোধ করছি; যেখানে প্রেসিডেন্ট হিসেবে আছেন মোহসেন ভাই।’
তিন দশক ধরে নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে ‘ভসুল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব এশিয়ান সিনেমা’ উৎসব। উৎসবটি মূলত এশিয়ার চলচ্চিত্রকে ঘিরেই হয়ে থাকে। আগামী ৬ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ভেসুল উৎসবের ৩০তম আসর। চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এই উৎসবে বাংলাদেশি নির্মাতা হিসেবে জুরি বোর্ডে জায়গা পেলেন ফারুকী। এবারের জুরি বোর্ডের সভাপতি হিসেবে আছেন ইরানি নির্মাতা মোহসেন মখমলবাফ। এছাড়া অন্য দুই সদস্য হিসেবে রয়েছেন তাইওয়ানের চলচ্চিত্রকার জিরো চৌ ও জাপানের অভিনেতা শজেন।
ভেসুল উৎসবে এর আগেও অংশ নিয়েছেন ফারুকী। তার নির্মিত ‘শনিবার বিকেল’, ‘নো ল্যান্ডস ম্যান’ সিনেমাগুলো এই উৎসবে পুরস্কারও জিতেছিল। সেই হিসেবে উৎসবটির আবহাওয়া-আঙিনা সবই তার নখদর্পণে।
প্রসঙ্গত, ফারুকী নির্মিত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। এটি নিজের জীবনের ঘটনাপ্রবাহের নির্যাস থেকেই বানিয়েছেন। স্ত্রী-অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সঙ্গে অভিনয়েও আছেন তিনি। গত ৩০ নভেম্বর ছবিটি মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্ম চরকি-তে।