অহংকারের পতন অনিবার্য : প্রতিমন্ত্রী রাসেল

প্রকাশিতঃ ডিসেম্বর ১২, ২০২৩ | ১১:০৯ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

গাজীপুর-২ (সদর- টঙ্গী) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, অহংকার একমাত্র আল্লাহ করতে পারেন। আর যারা অহংকার করেন তাদের পতন অনিবার্য। মানুষ কতটুকু নিচু হলে মানুষের স্বাস্থ্য নিয়ে কথা বলে। আচরণ বিধির বিষয় আছে, তাই মার্কাটা বললাম না।মার্কা তো আপনারাই জানেন। সোমবার (১১ ডিসেম্বর) টঙ্গীর ৫৫ নম্বর ওয়ার্ডের মিলবাজার এলাকায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত কেন্দ্র কমিটির পরিচিতি সংক্রান্ত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন উঠান বৈঠকে বক্তব্য রাখেন। রাসেল বলেন, ‘মুক্তিযুদ্ধমন্ত্রী, শহীদ আহসান উল্লাহ মাস্টার ও আজমত উল্লাহ খানের মতো লোকদের তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা হচ্ছে। আমার কোনো দোষ না পেয়ে আমার পরিবার নিয়ে কথা বলা হচ্ছে। আমার বিরুদ্ধে নয়জন প্রার্থী আছে। তাদের সম্পর্কে খোঁজ নিয়ে দেখেন। তাদের চরিত্র সম্পর্কে জানেন। তারা কি ছিল এখন কি হয়েছে খবর নেন। সকলের আমল নামা আছে উল্লেখ করে তিনি বলেন, ‘অহংকার পতন ডেকে আনে। আমি কারো সম্পর্কে মন্দ বলব না। বিচার বিশ্লেষণ করে দেখেন। আপনারা আবারও আমাকেই ভোট দেবেন। প্রতিমন্ত্রী রাসেল অভিযোগ করে বলেন, ‘শোনা যাচ্ছে, আমার বিরুদ্ধে পত্রপত্রিকা ও টিভিতে মিথ্যা সংবাদ প্রচার করাবে। আপনারা সতর্ক থাকবেন। আমি এই বয়সে এমপি হয়েছি, মন্ত্রী হয়েছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি।’ উঠান বৈঠকে গাজীপুর সিটির সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও কয়েক শ কর্মী এবং সমর্থক উপস্থিত ছিলেন।